রাজশাহী, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।
কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ পাঁচ দফা দাবি আদায়ে অতীতের সব দ্বিধা বিভক্তি ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
রোবাবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "জরুরি অবস্থার দোহাই দিয়ে সারা দেশকে এ সরকার কারাগার বানিয়ে রেখেছে। মানুষের কোন স্বাধীনতা নাই।"
তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজাহান আলী বলেন, "আমরা নির্বাচনে অংশ নিতে চাই। তবে সে নির্বাচন মুক্ত পরিবেশে হতে হবে।।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন- চাপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ হারুন অর রশিদ, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু মুক্তি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এখলাক হোসেন, সাবেক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামরুল মনির, জেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল রহমান রায়হান, মহানগর ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24