ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সহযোগী সংগঠন ও বৈদেশিক শাখা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। একই সঙ্গে নির্বাচন কমিশন আইনের দু'টি ধারা বাতিল করে আগের সংসদীয় আসন সীমানা অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে দলটি।
শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে পৌণে চার ঘণ্টা বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, সভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকালে আবারও সভা শুরু হবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "দলের সব সহযোগী সংগঠন ও বৈদেশিক শাখাগুলো বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।"
তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিন্ধনের জন্য দলের গঠণতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী আনতে কার্যনির্বাহী সংসদের সভায় একটি কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে থাকছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এছাড়া দলের সভাপতিমণ্ডলীর সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তৌফিক ইমাম, আবুল মাল আব্দুল মুহিত ও কেন্দ্রীয় ছয় নেতা এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন।
এই সভার মাধ্যমে নির্বাচন কমিশনের 'প্রার্থীতা বাতিলের ক্ষমতা' এবং বিল খেলাপীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এছাড়া সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের গেজেট বাতিল করে আগের সংসদীয় সীমানা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলেছে দলটি।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "রিটার্নিং অফিসার কোনো প্রার্থীর মনোনয়নের বৈধতা দেওয়ার পর তা বাতিলের যে ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এ আইন প্রত্যাহার করতে হবে। তাছাড়া বিল খেলাপীদের অযোগ্য ঘোষণার আইনটিও বাতিল করতে হবে।"
সংসদীয় আসন সীমানা প্রসঙ্গে আশরাফুল বলেন, "অনেক নেতা-কর্মী এখনও জানেন না তারা এখন কোন সংসদীয় আসনের ভোটার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগের আসন বিন্যাস বহাল রেখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে।"
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ উপজেলা নির্বাচন চায়। ক্ষমতায় গেলে উপজেলা নির্বাচনের ব্যাবস্থা করার বিষয়ে আওয়ামী লীগ জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু জাতীয় নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন অনুষ্ঠান যৌক্তিক নয়। আমরা উপজেলা নির্বাচনের সময়সীমা পিছিয়ে যৌক্তিক সময়ে করার দাবি জানাচ্ছি।"
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন হওয়ার কথা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া এখনও শুরু হয়নি জানিয়ে আশরাফুল বলেন, "গঠণতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে তৃনমূল পর্যায় থেকে। তৃনমূল নেতারা সর্বোচ্চ পাঁচজন নেতার নাম প্রস্তাব করবেন। সেখান থেকে সংসদীয় কমিটি মনোনয়ন চূড়ান্ত করবে। কিন্তু সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া শুরুর যেসব খবর দেয়া হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।"
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তি দাবি করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না।"
নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন পেতে হলে কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন থাকা চলবে না। এ বিধান মেনে সহযোগী সংগঠনগুলোকে বাদ দেয়া হবে কি না- তা নিয়ে গত এক সপ্তাহ ধরেই আওয়ামী লীগে জোর বিতর্ক চলছে।
দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগের কোনও সহযোগী সংগঠন থাকবে না। তারা স্বাধীন হয়ে যাবে।"
আশরাফুলের এই বক্তব্যের পর সহযোগী সংগঠন থাকা না থাকা নিয়ে দলের ভেতরে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এরপর দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলেন, "আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নেই। যা আছে সব সহযোগী সংগঠন। এদের সহযোগী হিসাবে না রাখার বিধান কোনোভাবেই গ্রহণ করবে না আওয়ামী লীগ।"
জবাবে প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা দলের গঠনতন্ত্রে কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের নাম না রাখার জন্য আওয়ামী লীগকে পরামর্শ দেন। বর্তমানে থাকা 'সহযোগী' সংগঠনগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে এমন একটি বাক্যও গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে বলেন তিনি।
কিন্তু আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বৃহস্পতিবার সাফ জানিয়ে দেন, তার দলে অঙ্গ সংগঠন না থাকলেও 'সহযোগী' সংগঠন থাকবেই।
এরপর শুক্রবার রাতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তৌফিক ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল মাল আব্দুল মুহিত, নূহ উল আলম লেনিন ও তার নেতৃত্বে একটি কমিটি দলের গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের নাম না রাখার সুপারিশ করেছে।
তাদের এ সুপারিশের বিষয়ে শনিবার কার্যনির্বাহী সংসদে আলোচনার পর সহযোগী সংগঠন ও বৈদেশিক শাখা বহাল রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি গঠনতন্ত্রের অন্যান্য ধারা সংশোধনের জন্য করা কমিটিতে সভাপতিমণ্ডলির সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি নতুন কমিটি করা হয়।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের এ সভায় সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/জিএনএ/১৭৪৬ ঘ.
bdnews24