ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুকের রাজনৈতিক দল 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন'। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনের মাধ্যমে দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
এ সময় বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শ্লোগান দেয়।
সম্মেলনে কাজী ফারুক বলেন, "আমরা মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করব। জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করব। এ লক্ষ্যে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।"
ধনী-দরিদ্রের মধ্যে বেড়ে চলা ব্যবধান কমানোর অঙ্গীকার করে কাজী ফারুক বলেন, "দরিদ্রের ওপর থেকে করের বোঝা কমাব আমরা। রাষ্ট্রশক্তিকে গরীব, নারী ও নির্যাতিতের পক্ষে নিয়ে আসব। সবার সুবিচার নিশ্চিত হয় এমন একটি সমাজ প্রতিষ্ঠা করব।"
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের আত্মপ্রকাশ উপলক্ষে লন্ডন প্রবাসী কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরীর শুভেচ্ছা বার্তা সম্মেলনে পড়ে শোনানো হয়।
এই বার্তায় তিনি বলেন, "আমার দৃঢ় বিশ্বাস, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিভক্তি না বাড়িয়ে শক্তি বৃদ্ধির কাজেই সাহায্য করবে।"
অধ্যাপক কবীর চৌধুরী তার শুভেচ্ছা বার্তায় বলেন, "ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে সামাজিক দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারায় আমি গর্বিত।"
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ১৯৯৬ সালে সামাজিক সংগঠন হিসেবে কর্মকাণ্ড শুরু করে।
বুধবার সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে কাজী ফারুক আহম্মেদকে সভাপতি, আব্দুস সালাম পিন্টুকে সাধারণ সম্পাদক এবং কামরুল হাসান কামালকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
সম্মেলনে বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী ফারুক বলেন, "ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। তবে কোনো দলের সঙ্গে জোট করবে কি-না সে সিদ্ধান্ত এখনো হয়নি।"
এর আগে সোমবার রাজধানীর মিরপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাজী ফারুক জানান, ৩৬ জেলা ও ১৬০টি উপজেলায় এরইমধ্যে নাগরিক আন্দোলনের কমিটি করা হয়েছে। নভেম্বরের মধ্যে ৪০ হাজার গ্রামেও কমিটি হয়ে যাবে।
ওইদিনই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে মহাজোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কাজী ফারুক।
জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "মহাজোটে যোগ দেয়ার বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০২৫ ঘ.
bdnews24