ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক চার দলীয় জোট সরকারের মন্ত্রী সাইফুর রহমান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ব্যারিস্টার আমিনুল হকসহ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক সোমবার মামলাটি আমলে নিয়ে এই পরোয়ানা জারির আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রীসভার চার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার ও এম সামসুল ইসলাম এ মামলায় জামিনে থাকায় তাদের আগামী ১২ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক।
যে নয় জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে তারা হলেন- সাইফুর রহমান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ব্যারিস্টার আমিনুল হক; সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন; সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম; পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান; বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদেন আগামী ১২ অক্টোবর আদালতে জমা দিয়ে বলা হয়েছে।
এছাড়া এ মামলার অভিযোগপত্রভুক্ত বাকি দুই আসামি খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে একই তারিখে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক। এই দুই সাবেক মন্ত্রী অন্য মামলায় কারাগারে রয়েছেন।
জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট গত ২৬ আগস্ট মতিউর রহমান নিজামীকে এ মামলায় অভিযোগপত্র হওয়া পর্যন্ত জামিন দিয়েছিল। তিনি ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করবেন।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লহ মিয়া বলেন, খালেদা জিয়া গত ৮ সেপ্টেম্বর এ মামলায় হাইকোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক আবুল কাশেম ফকির গত রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/জিএনএ/১৭৩৮ ঘ.
bdnews24