ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি মামলায় ব্রাহ্মণবাড়িযার কসবা পৌরসভার ১০ কাউন্সিলরকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
কসবা পৌরসভার সুপার মার্কেটে দোকান বরাদ্দে দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজিরা দিতে গেলে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম সাইদুর রহমান তালুকদার তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
একই সঙ্গে আগামী ১৪ অক্টোবর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত।
অভিযুক্ত কাউন্সিলররা হলেন- শহীদ মিয়া, জসীম উদ্দিন, নুরুন্নবী, আবুল হাসেম, আক্তার হোসেন, নিজাম উদ্দিন সরকার ওরফে ধনু মিয়া, হিরাচাঁদ মিয়া, শিউলী আক্তার, আনোয়ারা বেগম ও আশেয়া বেগম।
অপর আসামি ফারুক আহমেদ পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কসবা পৌরসভা সুপার মার্কেটের দোকান বরাদ্দে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ১৭ অক্টোবর তিনি (শাহীন আরা মমতাজ) কসবা থানায় ১১ কাউন্সিলরের বিরুদ্ধে পৃথক ১১টি মামলা করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24