ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী প্রতিটি ফোরামে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতিবাজদের কোণঠাসা করে ফেলার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, "দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে ছোট বড় প্রতিটি ফোরামে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে তাদের কোণঠাসা করে ফেলতে হবে। তাদের বিতর্কিত করে তুলে মানসিক চাপ সৃষ্টি করতে হবে।"
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে জেলার স্বাধীনতা উদ্যানে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "দেশের অধিকাংশ মানুষ দুর্নীতি করে না। অতি ক্ষুদ্র এবং ক্ষমতাশালী একটি অংশই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। ক্ষুদ্র এই অংশের দুর্নীতিবাজরাই বিশ্বব্যাপী বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশের তালিকার শীর্ষে নিয়ে তুলেছে।"
আগামী প্রজন্মের সামনে নিজেদের সম্মানজনক অবস্থান ধরে রাখতে তিনি এখনই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন।
দুদক চেয়ারম্যান আরও বলেন, বাঙালি জাতি ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে ভয় পায়নি। তারা প্রতি বছর সিডরের মত প্রলঙ্করী ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে তারা ইতস্তত করে। এর একটি প্রধান কারণ জনসাধারণের সুসংগঠিত শক্তির অভাব। তাই দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক হারে প্রচারণা প্রয়োজন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আবু তালেব মিঞা, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম এবং বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমান।
মতবিনিমিয় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্ল্যা ইসাহাক আলী, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন এবং মোরেলগঞ্জ সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল খালেক তালুকদার।
এদিকে নির্ধারিত গুটিকয় বক্তাকে প্রশাসনের পক্ষ থেকে বক্তব্যের সুযোগ দেওয়ায় এবং অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় জেলা প্রশাসক মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ তোলেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান দিপু। সচেতন নাগরিক কমিটির বাগেরহাট শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবুও অভিযোগ তোলেন। তিনি বাগেরহাটের বিভিন্ন সরকারি দফতরের দুর্নীতি বিষয়ক একটি প্রতিবেদন দুদক চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময়ে উপস্থিত সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন, বাগেরহাটে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। এসব কমিটির অনেক সদস্য নিজেরাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। সাংবাদিকরা দুদক চেয়ারম্যানকে বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে আরও অনেক উদ্যোগের পাশাপাশি দেশব্যাপী স্থানীয় সম্পদ তহবিল গঠনের নামে পরিচালিত জেলা প্রশাসকদের এলআর ফাণ্ড নিরীক্ষা ও তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা দরকার। দুদক চেয়ারম্যান সাংবাদিকসহ অপর সংক্ষুব্ধদের এসব অভিযোগ বা প্রস্তাবের ব্যাপারে কোন মন্তব্য করেননি।
হাসান মশহুদ চৌধুরী বাগেরহাট থেকে দুপুরে গোপালাগঞ্জ যান। সেখানে তিনি বলেন, "এখন সময় এসেছে দুর্নীতি বন্ধে একবার অন্তত চেষ্টা করার। বিষয়টিকে যদি আমরা একটি পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে এর পরে যারা দুর্নীতি দমন কমিশনে আসবেন তারাও এ কার্যক্রমকে এগিয়ে নেবে।"
তিনি বলেন, "সকলের স্বতঃস্ফূর্ত ভূমিকার মাধ্যমে দুর্নীতি বিরোধী অভিযান আমরা এগিয়ে নিয়ে যাবো। তাহলেই আমরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারব।"
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান একথা বলেন।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু তালেব মিয়া, গোপালগঞ্জের জেলা প্রশাসক এএমএ রহমান, পুলিশ সুপার মো. মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত পৌর-চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুন্নাহার, কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আসাদুর রহমান, পৌর কমিশনার জিএম শাহাবুদ্দিন আজম, ইউপি চেয়ারম্যান বিএম লিয়াকত আলী, শিক্ষক জয়দেব বালা, আব্দুর রব মিয়া, কাজী নূর হোসেন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
দুদক চেয়ারম্যান বলেন, "সারাবিশ্ব আমাদের দুর্নীতিবাজ বলে। দেশে যে পরিস্থিতি আছে তাতে একবার অন্তত আমাদের চেষ্টা করা উচিত এই কলঙ্ক ঘোচাতে পারি কিনা।"
তিনি বলেন, "কেবলমাত্র সভা সেমিনারে আলোচনা করলেই হবে না। নির্দ্বিধায় সবসময় পরিবারে, স্কুলে, কলেজে, মাঠে, ময়দানে, মসজিদ-মন্দিরে, অফিসে সব জায়গাতেই যার যার অবস্থান থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24