ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদানের অগ্রগতি আগামী ১৭ ফেব্র"য়ারির মধ্যে সরকারকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
বিচার বিভাগীয় হাকিমদের কর্মচারী ও পরিবহন দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ আদালতে উপস্থাপন করে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।
আদালত বলেন, কর্মচারী ও যানবাহন ছাড়া হাকিমরা কীভাবে কাজ করবেন? সরকারের এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের ওপর এখন দোষ চাপাচ্ছে। একই ধরনের কর্মচারীদের নিয়োগ বিধি মন্ত্রণালয়ের কর্মচারীদের জন্যও রয়েছে। সেই আদলে বিচার বিভাগীয় হাকিমদের কর্মচারীদের জন্য সরকার নিয়োগ বিধি প্রণয়ন করতে পারে।
অ্যাটর্নি জেনারেল বলেন, কর্মচারীদের নিয়োগ বিধি প্রণয়নের চেষ্টা চলছে।
আদালত বলেন, এই পদগুলো নতুন ধরণের পদ হলে বিধি প্রণয়নের জন্য সময়ের প্রয়োজন হতো। কর্মচারীদের নিয়োগ বিধি প্রণয়ন কঠিন কাজ নয়। এটা খুব সহজেই করা যায়। বিচার বিভাগ পৃথক হয়ে যাত্রা শুরু করেছে তিন মাস হয়ে গেছে। কর্মচারীদের পদ সৃষ্টি আগেই হয়ে গেছে।
আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, হাকিমদের জন্য যানবাহন ও জনবল বিষয়ে সরকার কী শিগগিরই ব্যবস্থা নিবে?
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
আদালত বলেন, "সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হবে বললে চলবে না। বলতে হবে, আদালতের আদেশ বাস্তবায়ন হয়ে গেছে। আবার কোন অজুহাত নিয়ে এলে হবেনা। বিচার বিভাগ পৃথক হয়ে যাত্রা শুরুর আগেই যানবাহন ও জনবলের ব্যবস্থা করার উচিত ছিল। ১৭ ফেব্র"য়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আদালতের নির্দেশ পালন করবে সরকার।"
অ্যাটর্নি জেনারেল বলেন, "আমি সরকারের সচিবদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।"
এ পর্যায়ে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার বাদী পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, সরকার বিচার বিভাগীয় আদালতকে সহায়তা করছে না। তাই এ আদালতে কর্মরত এসব কর্মচারীকে ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের কর্মচারী। তাদেরকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনে নিয়ে আসতে হবে। এসব কর্মচারীদের বিষয়ে নিয়োগ বিধি সুপ্রিম কোর্টই প্রণয়ন করতে পারেন। বিচার বিভাগ পৃথককরণের যাত্রাপথে সুপ্রিম কোর্টকে চালকের আসনে বসতে হবে। মন্ত্রনালয় আগেও অসহযোগিতা করেছে। ভবিষ্যতেও করতে থাকবে।
আদালত বলেন, "অতীতেও আমরা বিধি প্রণয়ন করে দিয়েছি। ভবিষ্যতে প্রয়োজনে আদালত চুপ থাকবে না।"
গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন মন্ত্রনালয়, পূর্ত মন্ত্রনালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। এসব প্রদানের অগ্রগতি আগামী ১৪ জানুয়ারির মধ্যে সরকারকে জানাতে নির্দেশ দিয়েছিল।
পরে ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট ৩০ জানুয়ারির মধ্যে হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদান নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করছে।
বৃহস্পতিবারের আদেশের পর ব্যারিস্টার আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, বিচার বিভাগীয় হাকিমদের যানবাহন ও জনবলের সহযোগিতা দেওয়ার পরিবর্তে সচিবরা বাধা সৃষ্টি করছেন। হাকিমরা গাড়ি পেতে পারেন কিনা তারা এখন সেই প্রশ্ন তুলছেন। আদালত বলেছেন, কোন অজুহাত, চালাকি নয়, কাজ চাই। আদালত আরও বলেছে, কারও মনে করার কারণ নেই আদালত অসহায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৩২২ ঘ.
bdnews24