ঢাকা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিরফার ডটকম) - সরকারের সঙ্গে সংলাপের জন্য অভিন্ন প্রস্তাব তৈরি করতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ।
তবে দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, গণফোরাম আগেই জোট থেকে বেরিয়ে গেছে। তাই আওয়ামী লীগ সংলাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে না।
বিকেলে গুলশানে জিল্লুর রহমানের বাসায় দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এসব কথা জানান।
সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের আগে ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠক করেছিলাম। সরকারের সঙ্গে সংলাপের আগেও শরিকদের সঙ্গে বৈঠক করব।"
তবে আওয়ামী লীগ এ ব্যাপারে গণফোরামের সঙ্গে বৈঠক করবে না জানিয়ে জিল্লুর রহমান বলেন, "গণফোরাম অনেক আগেই ১৪ দল থেকে বেরিয়ে গেছে।"
নির্বাচন কমিশনকে স্বাধীন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের উদ্যোগ প্রসঙ্গে জিল্লুর বলেন, নির্বাচনের স্বচ্ছতার জন্য কমিশন স্বাধীন করা হয়েছে, এটা ভালো।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমির হোসেন আমু বলেন, "বিচারপতি নিয়োগে স্বচ্ছতার জন্যই এটা করা হয়েছে। আমরা আশা করি, রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার প্রমাণ দেবেন।"
ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আকতারুজ্জামান, সুবিদ আলী ভূইয়া, সুভাষ সিংহ রায় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিরফার ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২৫১ ঘ.
bdnews24