২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম চৌধুরীর মামলাটি জরুরিবিধিতে বিচার অবৈধ: এমিকাস কিউরিদের মত

শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানিতে আদালতের বন্ধু হিসেবে নিয়োগ পাওয়া (এমিকাস কিউরি) ছয় আইনজীবী বলেছেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির আগের কোন ঘটনায় দায়ের করা মামলা জরুরি ক্ষমতাবিধিতে বিচার করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানিতে আদালতের বন্ধু হিসেবে নিয়োগ পাওয়া (এমিকাস কিউরি) ছয় আইনজীবী বলেছেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির আগের কোন ঘটনায় দায়ের করা মামলা জরুরি ক্ষমতাবিধিতে বিচার করা যাবে না। বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এমিকাস কিউরিদের শুনানি গ্রহণ করে। সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, "সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির পর সংঘটিত অপরাধের জন্য জরুরিবিধিতে বিচার করা যাবে। এর পূর্বে সংঘটিত অপরাধের বিচার জরুরি বিধিতে করলে তা অবৈধ হবে।" সিনিয়র অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী বলেন, "জরুরি অবস্থা জারির পূর্বে সংঘটিত কোনো অপরাধের বিচার জরুরি ক্ষমতাবিধির অধীনে চলতে পারে না। কাজেই পূর্বে সংঘটিত অপরাধের বিচারের জন্য জরুরি বিধিতে যে বিধান রয়েছে তা সংবিধান পরিপন্থি। এমনকি জরুরি অবস্থা জারির পরের ঘটনার কোনো মামলা এ বিধিমালায় অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও বিচার বিশ্লেষণ করতে হবে। অনুমোদন দেওয়ার কারণও উল্লেখ করতে হবে।" সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালা জরুরি অবস্থা জারির দিন থেকে কার্যকর হবে। এ আইনের বিধান ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে। কোনোভাবেই আইনটি অতীতের ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কাজেই জরুরি অবস্থা জারির পূর্বের মামলা জরুরি বিধিতে নেওয়ার জন্য যে অনুমোদন দেওয়া হচ্ছে তা বেআইনি।" অপর তিন এমিকাস কিউরি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম ও মাহবুবুর রহমান তাদের বক্তব্য সমর্থন করে অভিমত দেন। গত ২৮ জানুয়ারি হাসিনার রিট শুনানিতে সহায়তার জন্য হাইকোর্ট ৭ আইনজীবীকে এমিকাস কিউরি নিয়োগ দেন। এদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বিব্রতবোধ করার কথা জানিয়ে এমিকাস কিউরি হতে অপারগতা জানান। গত ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে হাসিনাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছিল মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না। গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আসামি হিসেবে অন্তভুক্ত করে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। শেখ হাসিনা এ মামলাটি বাতিলের জন্য গত ২৭ জানুয়ারি হাইকোর্টে আবেদন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১০৯ ঘ.