ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রকৃত মহাসচিব নির্ধারণের দায়িত্ব এবার আদালতের কাছে তুলে দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমেদ।
বুধবার সন্ধ্যায় বনানীর বাসায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। দলের প্রকৃত মহাসচিবকে ঘিরে যে বিভেদ সৃষ্টি হয়েছে তার সুরাহা এখন আদালতেই হবে। আমরা এর অপেক্ষায় আছি।"
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান ভুঁইয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহাবুবুর রহমান, সাবেক সাংসদ আব্দুল আলিম, শাহ মো. আবুল হোসাইন, জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করিম উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটি মনোনীত দলের অস্থায়ী মহাসচিব মেজর হাফিজ বলেন, "বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কারের মাধ্যমে আমরা দলকে আরও শক্তিশালী করতে চাই। খালেদা জিয়ার নেতৃত্বে দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে।"
এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বিএনপিতে কোনো বিভেদ নেই। সংস্কার নিয়ে যে অনৈক্য সৃষ্টি হয়েছে তা দূর করে আমরা ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে চাই। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান দলের আরেক অংশের কাছে এক হওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাবও দিয়েছেন।
গত বছরের ২৯ অক্টোবর এম সাইফুরের গুলশানের বাসায় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার পর অস্থায়ী মহাসচিব হিসেবে কেন্দ্রীয় নেতা ও দলীয় সাংসদদের সঙ্গে এটিই ছিল মেজর হাফিজের প্রথম বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২০৪১ ঘ.
bdnews24