ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী বুধবার আদালতে বলেছেন, এ মামলার আসামিদের মধ্যে কেবল শেখ ফজলুল করিম সেলিমকেই তিনি চেনেন। শেখ হাসিনাসহ অন্যদের তিনি চেনেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রশ্নের জবাবে আজম জে চৌধুরী এ কথা বলেন।
এর আগে গত ২৪ জানুয়ারি তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেনো মামলা করিনি। মামলা করেছি শেখ সেলিমের বিরুদ্ধে।"
বুধবার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৪ ও ৫ ফেব্র"য়ারি বাদিকে জেরা করার দিন ধার্য করেন। দুপুর একটার দিকে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
১১টা ২৫ মিনিটে আজম জে চৌধুরীকে কাঠগড়ায় এসে দাঁড়ান। শেখ সেলিম তার কাছে কীভাবে চাঁদা চেয়েছেন এবং কীভাবে ওই টাকা নিয়েছেন আদালতে তার বিস্তারিত বিবরণ দেন আজম। এ সময় শেখ সেলিমকে দেয়া আটটি চেক সনাক্ত করে তিনি বলেন, "এই চেকগুলোর মাধ্যমেই আমি টাকা দিয়েছি। পরে নিশ্চিত হয়েছি ওই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে।"
১২টা ৩৫ মিনিটে রাষ্ট্রপক্ষের আইনজীবী শরফুদ্দীন আহমেদ খান মুকুল কাঠগড়ায় দাঁড়ানো আজম চৌধুরীকে জিজ্ঞেস করেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (এফআইআর) আপনি কাকে কাকে আসামি করতে বলেছেন?
এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মুকুলের বক্তব্যের বিরোধিতা করে বলেন, বাদিকে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আসামিদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী এটা হতে পারে না। কারণ বাদির যা বলার তা তিনি এজাহারেই বলেছেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাদির বক্তব্য নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করলে প্রায় ২৫ মিনিট হট্টগোল চলে।
বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, আপনি বাদিকে বলুন এখানে উপস্থিত আসামিদের সনাক্ত করতে। এরপর আজম চৌধুরীকে আসামির কাঠগড়া দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "ওখানে বসা কাকে কাকে চেনেন?"
এর জবাবে বাদি বলেন, "আমি শুধু শেখ ফজলুল করিম সেলিমকে চিনি। আর কাউকে চিনি না।"
এ সময় শেখ হাসিনাও আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সকাল ১০টায় এবং শেখ ফজলুল করিম সেলিমকে ৯টার দিকে সংসদ ভবনে স্থাপিত মহানগর দায়রা জজের বিশেষ এজলাসে হাজির করা হয়।
বুধবার শেখ হাসিনা আদালতে বেশ উৎফুল্ল ছিলেন। নেতা-কর্মী, আত্মীয়-স্বজনসহ অনেকেই তার কাছে গিয়ে কথা বলেন। বাদির সাক্ষ্যের সময় তাকে একটি ডায়রিতে নোট নিতে দেখা যায়। মামলার এজাহারও বারবার পড়েন তিনি।
সকাল ১০টার দিকে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এদিন আদালতের নির্দেশের পরও শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে তাদের কোনো আইনজীবী দেখা করতে পারেননি। এতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে দাবি করে হাসিনা ও সেলিমের আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ মুলতবি করার আবেদন জানালে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ মুলতবির নির্দেশ দেয় আদালত।
একই সঙ্গে আদালতের আদেশ কেন মানা হলো না তা জানানোর জন্য কারা কর্তৃপক্ষকে ১১টা ১৫ মিনিটের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
পরে আদালত শুরু হলে ভারপ্রাপ্ত জেলার ফারুক আহমেদ আদালতে হাজির হয়ে শেখ হাসিনার সঙ্গে কে কে দেখা করেছেন তা বিচারকে জানান। এ সময় বিচারক তালিকা অনুসারে শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে আইনজীবীদের দেখা করার ব্যবস্থা করতে তাকে মৌখিক নির্দেশ দেন।
শেখ হাসিনার কানাডীয় আইনজীবী ড. পায়াম আকাভান এদিন আদালতে হাজির ছিলেন। সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাতে আপত্তি তুলে বলেন, "তিনি কে, তার স্ট্যাটাস কী, সেসব আমরা জানি না। আদালতের অনুমতি না নিয়ে তিনি কোনো কথা বলতে পারেন না।"
পায়াম এরপর শেখ হাসিনার কাছাকাছি একটি চেয়ারে বসে পড়েন। তবে আদালত মুলতবির হওয়ার পর তিনি শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন।
পরে আদালতের বাইরে সাংবাদিকদের পায়াম বলেন, "আমি শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম। কিন্তু বিদেশি নাগরিক বলে তা নাকচ করা হয়। আজ (বুধবার) তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।"
পায়াম বলেন, "এটা শুধু শেখ হাসিনারই বিচার নয়, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার মর্যাদার বিচার। এ মামলাটির ক্ষেত্রে হাইকোর্ট দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিল, যদিও তা সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে যায়। একজনের জামিনের আদেশ বাতিল করে তাকে আটক রাখা মানবাধিকারের লঙ্ঘন।"
তিনি আরও বলেন, "আমি নিজেই দেখলাম, রাষ্ট্রপক্ষের আইনজীবী কীভাবে বাদীকে কথা বলার জন্য পরামর্শের পাশাপাশি চাপও দিচ্ছে। এটা আমাকে অবাক করেছে।"
রিমাণ্ডে নিয়ে শেখ সেলিমকে কীভাবে নির্যাতন করা হয়েছে তাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন পায়াম।
হাইকোর্টের আদেশে এ মামলার বিচারকাজ ১২ দিন বন্ধ থাকার পর বুধবার তা শুরু হয়। এর আগে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশটি গত ২৪ জানুয়ারি স্থগিত করে দেয় আপিল বিভাগ।
গত বছর ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/এমএ/১৮২১ঘ.
bdnews24