২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাতের দুটি মামলার অভিযোগপত্র না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে শোকজ

সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দুটি মামলার তদন্ত প্রতিবেদন কেন দাখিল করা হয়নি তার কারণ জানাতে দুই তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

বরিশাল, জানুয়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দুটি মামলার তদন্ত প্রতিবেদন কেন দাখিল করা হয়নি তার কারণ জানাতে দুই তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। এই কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন- বরিশাল কোতয়ালী মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান এবং গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক নিলোৎপল দে। এই নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের নির্দেশ অনুযায়ী মামলা দুটির অভিযোগপত্র দিতে বলা হয়েছে। বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক কে এম জুলফিকার আলী সোমবার এই নির্দেশ দেন। আবুল হাসানাতের বিরুদ্ধে ২০০২ সালে এই মামলা দুটি করা হয়। বর্তমানে তিনি পলাতক। ঘটনার সত্যতা স্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে বিশেষ জজ আদালতের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোটিশের কপি মঙ্গলবার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ২০০২ সালের ২২ অক্টোবর যৌথবাহিনীর সদস্যরা আবুল হাসানাত আব্দুল্লাহর নগরীর কালিবাড়ী রোডের বাসায় অভিযান চালিয়ে ছয় লাখ তের হাজার ২৭৫ টাকা এবং ৩৫৫টি মুক্তিযোদ্ধা সনদ উদ্ধার করে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক বোরহান রেজা বাদী হয়ে ওই দিন কোতয়ালী থানায় দু'টি পৃথক মামলা (জিআর নং-৬৮৮/০২ এবং ৬৮৯/০২) করেন। দুর্নীতি দমন আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান ২০০৬ সালের ১৩ এপ্রিল হাসনাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সনদ মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিলোৎপল দে অভিযোগপত্র দেন ২০০৪ সালের ৩১ আগষ্ট। দুনীর্তি দমন কমিশন হওয়ার পর মামলা দুটিতে কমিশনের অনুমোদন না থাকায় অভিযোগ গঠন বাধাগ্রস্ত হয়। অনুমতি চেয়ে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালত ২০০৭ সালের ৩০ অক্টোবর কমিশনকে চিঠি দেয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে ২২ নভেম্বর মামলা দুটি আবার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাদের অনুরোধ জানায় দুর্নীতি দমন কমিশন। কিন্ত এক মাস পরেও তদন্ত কর্মকর্তারা অভিযোগপত্র না দেওয়ায় বিশেষ জজ আদালত কারণ জানতে চেয়ে নোটিশ দেয়। এ ব্যাপারে বর্তমানে রাজশাহী সদর গোয়েন্দা (ডিএইচবি) শাখায় কর্মরত শেখ জিল্লুর রহমান ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশনের কোন চিঠি আমি পাইনি।" বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক চিফ হুইপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আবার তদন্ত করার নির্দেশ দিয়েছে আমি আজ (মঙ্গলবার) প্রথম শুনলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.