ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদসহ জাতীয় পার্টির তিন নেতার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির (সিপিবি) দায়ের করা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হকের আদালতে অভিযোগ গঠনের তারিখ ধার্য থাকলেও আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়। আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ২৭ ফেব্র"য়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে।
মামলার আসামি এরশাদ, তার স্ত্রী রওশন এরশাদ ও জাতীয় পার্টি নেতা আবু হোসেন বাবলা এদিন আদালতে উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ১ জানুয়ারি পল্টনে কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলার অভিযোগে ওই দলের ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাবলু বাদি হয়ে সেদিনই এরশাদসহ তিন জনের নাম উল্লেখ এবং জাতীয় পার্টির অজ্ঞাতনামা অনেক কর্মীর বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন বিকালে পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস'র সমাবেশ চলছিল। ওই সময় এরশাদসহ তিন আসামির নেতৃত্বে জাতীয় পার্টির একটি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সিপিবির সমাবেশে হামলা চালায়। তাতে সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় নেতা মো. শাহ আলম, আজহারুল ইসলামসহ অর্ধশত নেতাকর্মী আহত হন। অভিযুক্তরা সিপিবি কার্যালয়ে ঢুকে ৫০ লাখ টাকার মালামালের ক্ষতিসাধন করে বলেও মামলায় অভিযোগ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. লুৎফর রহমান শরীফ ২০০৭ সালের
১১ নভেম্বর এ মামলায় এরশাদসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগেপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24