ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও আওয়ামী লীগের তিন সাবেক সাংসদকে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। আগামী সপ্তাহেই এ নোটিশ পাঠানো হবে।
এরা হলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল, গাজীপুরের সাবেক বিএনপি সাংসদ একেএম ফজলুল হক মিলন ও তার স্ত্রী শম্পা এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসেন।
কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল হানিফ ইকবাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেন। কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মহাপরিচালক হানিফ ইকবাল জানান, আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব বিবরণী এখনো জমা নেয়া হয়নি। কারণ ওই হিসাব বিবরণীতে তার কোন স্বাক্ষর নেই। এছাড়াও তার হিসাব বিবরণী নেয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি২২৪৭ ঘ.
bdnews24