২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি টাকা দুর্নীতির মামলায় মামুন ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রায় এক'শ এগারো কোটি টাকা দুর্নীতির মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহীনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত--৭ এর বিচারক মো.সিরাজুল ইসলাম এ অভিযোগ গঠন করেন। আগামী বুধবার এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রায় এক'শ এগারো কোটি টাকা দুর্নীতির মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহীনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত--৭ এর বিচারক মো.সিরাজুল ইসলাম এ অভিযোগ গঠন করেন। আগামী বুধবার এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানি চলাকালে মামুন বিচারকের উদ্দেশে বলেন,"আমার নামে যেসব সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে, আপনি সেগুলো নিয়ে আমাকে মুক্তি দিন।" এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এর বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী অভিযোগ থেকে তার মক্কেলকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। দুটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত গিয়াসউদ্দিন মামুন কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। এর আগে গত বছরের ৭ জুন বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় মামুনকে ৩ বছরের এবং ৩ জুলাই অবৈধ অস্ত্র রাখার অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে গত ৯ মে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, মামুন ও তার স্ত্রী শাহীনা ইয়াসমিন অবৈধভাবে ৬২ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তবে কমিশন তদন্ত প্রতিবেদনে এ দম্পতির অবৈধ সম্পত্তির পরিমাণ উল্লেখ করে ১১০ কোটি ৯৬ লাখ সাত হাজার বলে। ওই প্রতিবেদনে বলা হয় এর মধ্যে মামুনের নামে ১০০ কোটি ৯৬ লাখ ৫২ হাজার এবং তার স্ত্রীর নামে ৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকার সম্পত্তি রয়েছে । মামুনের বিরুদ্ধে দুটি দুর্নীতি ও নয়টি চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৫৬ঘ.