২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক আরাফাত প্যারোলে মুক্ত

নানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্যারোলে কয়েক ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান। কিছুক্ষণের মধ্যে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। তারা বিকাল ৫টা পর্যন্ত মুক্ত থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১টা ৫০ মিনিটে প্যারোলে মুক্ত হন তারেক রহমান। সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত তারেককে নিয়ে একটি প্রিজন ভ্যান ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের উদ্দেশে রওনা হয়। (আরও তথ্যসহ-১০)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা/দিনাজপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্যারোলে কয়েক ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান। কিছুক্ষণের মধ্যে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। তারা বিকাল ৫টা পর্যন্ত মুক্ত থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১টা ৫০ মিনিটে প্যারোলে মুক্ত হন তারেক রহমান। সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত তারেককে নিয়ে একটি প্রিজন ভ্যান ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের উদ্দেশে রওনা হয়। এর কিছুক্ষণ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ড থেকে মুক্ত হন আরাফাত রহমান। তাকেও নিয়ে যাওয়া হচ্ছে ওই বাড়ির উদ্দেশে। খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের লাশ নিয়ে একটি হেলিকপ্টার কিছুক্ষণের মধ্যে ঢাকার পথে রওনা হওয়ার কথা। ঢাকায় আনার পর লাশ নিয়ে যাওয়া হবে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায়। তৈয়বা মজুমদারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্যারোলে মুক্তি পেলে খালেদাকেও ওই বাসায় নিয়ে যাওয়া হবে। খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, সরকারি আদেশে খালেদাকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মুক্তি দেওয়ার কথা বলা হলেও তাকে মুক্তি দিতে দেরি করা হচ্ছে। খালেদা ও তার দুই ছেলেকে মইনুল সড়কের বাসায় নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাঈম আহমেদ শনিবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, "সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার, কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সেনানিবাসের মইনুল সড়কে খালেদা জিয়ার বাসা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।" খালেদা জিয়া সংসদ ভবনের বিশেষ কারাগারে রয়েছেন। তারেক আছেন কেন্দ্রীয় কারাগারে, আর আরাফাত রহমান রয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে। তৈয়বা মজুমদার (৮৭) শুক্রবার রাতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান। লাশ ঢাকায় আনতে শনিবার ভোরে তার ছোট ছেলে শামীম এস্কান্দার দিনাজপুর রওনা হন। পরিবারের সদস্যরা জানান, লাশ সরাসরি সেনানিবাসের মইনুল সড়কে নিয়ে যাওয়া হবে। আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। ঢাকা থেকে লাশ ফিরিয়ে নিয়ে শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে স্বামী এস্কান্দার মজুমদারের কবরের পাশে তৈয়বা মজুমদারকে সমাহিত করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। তৈয়বা মজুমদারের মৃত্যুর পর খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তার দুই ছেলেকে প্যারোলে কয়েক ঘণ্টার জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" কারা অন্তরীণ খালেদা জিয়াকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন ও উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলকায় বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান। পরে সামসুল হায়দার ছিদ্দিকী কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানির মৃত্যুর সংবাদ জানান। বড় ছেলে সাঈদ এস্কান্দার দুপুর নাগাদ লন্ডন থেকে দেশে ফিরবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। দিনাজপুর শহরে মরহুমার বাড়িতে সর্বসাধারণের জন্য একটি শোক বই খোলা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল হাসান, পুলিশ সুপার মোস্তফা কামাল এবং বিভিন্ন স্থানীয় রাজনৈতিক নেতারা লাশ দেখতে যান। খালেদার আইনজীবী আহম্মেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ইতোমধ্যে তাদের তিন জনকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। আমরা তিন জনকে এক সঙ্গে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম। তবে একসঙ্গে না করে তাদের তিন জনকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করা হয়েছে। কিন্তু জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে আমরা তাদের তিন জনেরই একসঙ্গে মুক্তি চাচ্ছি।" অ্যাডভোকেট আজম বলেন, "লাশ হেলিকপ্টারে করে দিনাজপুর থেকে ঢাকায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। লাশ প্রথমে খালেদা জিয়ার মইনুল রোডের বাড়িতে নিয়ে রাখা হবে। " মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চেয়েছিলাম তিন জনকেই মুক্তি দিয়ে দিনাজপুরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা (এম এ মতিন) বলেছেন, নিরাপত্তার কারণে তা সম্ভব হচ্ছে না। তৈয়বা মজুমদারের লাশ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে লাশ আবার দিনাজপুরে নিয়ে যাওয়া হবে।" তৈয়বা মজুমদার শুক্রবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে নিজের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত 'জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট' এ নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে সেখানকার চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। মৃত্যুর সময় কোনো ছেলেমেয়েই তার পাশে ছিলেন না। ইন্সটিটিউটের চিকিৎসক ডা. মোসাদ্দেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।'' বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, তৈয়বা মজুমদার দিনাজপুরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯৮৪ সালে। তাদের দুই ছেলে তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কাদার ও শামীম এস্কান্দার। বড় মেয়ে সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইয়ে থাকেন। তৈয়বার মৃত্যুর খবরে বিএনপি নেতা এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, খোন্দকার দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, এম শামসুল ইসলাম, এহসানুল কবির ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। খালেদা জিয়া মনোনীত দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার রাতে আলাদা আলাদা প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া ও তার দুই ছেলেকে প্যারোলে মুক্তি দিয়ে তৈয়বা মজুমদারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার অনুরোধ করেন। স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীও শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এএল/এমআই/জিএনএ/১৪০২ ঘ.