ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের এজেন্ডা হবে শেখ হাসিনার মুক্তি। থাকবে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের প্রসঙ্গও।
দলটি মনে করে, প্রতিটি রাজনৈতিক দলের মতের ভিন্নতা থাকায় তাদের সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় সংলাপই ভালো হবে। সরকার সর্বদলীয় সংলাপের ব্যবস্থা করে সেখানে জামায়াতকে আমন্ত্রণ জানালে তা বর্জনের সিদ্ধান্ত রয়েছে আওয়ামী লীগের।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ শনিবার সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেন, "তার (প্রধান উপদেষ্টা) বক্তব্যে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। তবে, প্রধান উপদেষ্টার বক্তব্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে আমরা নিশ্চিত হয়েছি।"
গুলশানের বাসায় শনিবার বিকালে জিল্লুর বলেন, "তার (প্রধান উপদেষ্টা) বক্তব্য সম্পূর্ণ গতানুগতিক। তিনি সরকারের সাফল্যের কথাগুলো বলেছেন। কিন্তু ব্যর্থতার কথা এড়িয়ে গেছেন। তার বক্তৃতায় শেখ হাসিনাসহ রাজবন্দিদের মুক্তির বিষয়ে কোনো আশার বাণী নেই। গামের্ন্টস শিল্প, সার, প্রশ্নপত্র ফাঁস, ছাত্র-শিক্ষকের মুক্তি, সাংবাদিকদের ওয়েজ বোর্ডসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো কথা বলেননি। খাদ্য সঙ্কটের বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে সমাধানের কোনো কথা বলেননি।"
মার্চ-এপ্রিলে নির্বাচনের জন্য দলীয় সভানেত্রীর দাবি প্রসঙ্গে তিনি বলেন, "শেখ হাসিনার দ্রুত নির্বাচনের এই দাবি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ফলে এখন নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকার কথা নয়। ভোটার তালিকা প্রণয়ন তো একটি চলমান প্রক্রিয়া। সুতরাং সরকার চাইলে এখন নির্বাচন দিতে পারে।"
উপদেষ্টাদের সম্পদের হিসাব দাখিলের বিষয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন, "আইন সবার জন্য সমান। কেউ জেলখানায় বসে ঘানি টানবে আর কেউ কেউ বাইরে বসে বড় বড় কথা বলবে- এটা হতে পারে না। এক দেশে দুই আইন থাকতে পারে না।"
সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "সংলাপে আমাদের ১ নম্বর এজেন্ডা হবে শেখ হাসিনার মুক্তি। তাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যেতে চাই না। আমরা আওয়ামী লীগসহ সব দলের রাজবন্দিদেরও মুক্তি চাই।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জামায়াতকে সংলাপে ডাকা হলে কোনো অবস্থায় আওয়ামী লীগ তাতে অংশ নেবে না।"
তোফায়েল আহমেদ দ্বিপক্ষীয় সংলাপের প্রস্তাব দিয়ে বলেন, "দলগুলোর পথ ও মত ভিন্নতা থাকায় সরকারের উচিত দ্বিপক্ষীয় সংলাপ আহ্বান করা। সরকার যদি একসঙ্গে সবার সঙ্গে সংলাপে বসতে চায়, আর তাতে যদি জামায়াতকে ডাকা হয় তাহলে আওয়ামী সেই সংলাপে যাবে না।"
সরকারের সঙ্গে সংলাপে এজেন্ডা হিসেবে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবির বিষয়টিও থাকবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/২২৩৪ ঘ.
bdnews24