২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক মানচিত্রে প্রত্যাশা আর আশঙ্কার এক বছর

বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি ঘটে গেছে ২০০৭ সালের ১১ জানুয়ারি। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতা-হানাহানির অবসান ঘটে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারি করার মধ্যে দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 04:51 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি ঘটে গেছে ২০০৭ সালের ১১ জানুয়ারি। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতা-হানাহানির অবসান ঘটে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারি করার মধ্যে দিয়ে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন তিনি। পরদিনই নতুন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদ। বাতিল করা হয় ২২ জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন। 'ওয়ান ইলেভেন' এর পালাবদলের প্রেক্ষাপট আর ২০০৭এর ১/১১ থেকে ২০০৮এর এক এগারো; বাংলাদেশের রাজনৈতিক তারিখ চিত্র লিখছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দে। ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের এক বছর দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বহুমুখী পরিবর্তনের সূচনা করেছে। এই সময়ে বিভিন্ন ঘটনা আর অঘটনের মুখোমুখিও হতে হয়েছে সরকারকে। দুনীতি দমনসহ রাজনৈতিক ও সামজিক ক্ষেত্রে সংস্কারের প্রক্রিয়া শুরুর জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ নেয় সেনা সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আনার প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সরকারের প্রধান লক্ষ্য হলেও রাজনীতিবিদদের সঙ্গে আস্থার সম্পর্ক এখন পর্যন্ত গড়ে ওঠেনি। গত এক বছরে কয়েকটি ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের ভেতরে অস্থিরতা অনুভব করেছে দেশবাসী। সর্বশেষ গত মঙ্গলবার একসঙ্গে চার উপদেষ্টার পদত্যাগ জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর পুরাকীর্তি খোয়া যাওয়ার দায় নিয়ে পদ ছাড়েন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী। কাদরীর পদত্যাগের কারণ জানা গেলেও ব্যারিস্টার মইনুল হেসেন, তপন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এ এস এম মতিউর রহমান ও গীতিআরা সাফিয়া চৌধুরীর আকস্মিক পদত্যাগের কারণ রয়ে গেছে অজানা। সরকারের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা-সংঘাত-অনিশ্চয়তার অবসান হয় ২০০৭ সালের ১১ জানুয়ারির ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে। সেনাসমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকারের তাৎক্ষণিক বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপে জনগণের প্রত্যাশার মাত্রা বাড়তে থাকে। তবে সরকারের মূল লক্ষ্য- একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা, তা পূরণ হয়নি গত একটি বছরে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা এবং এটি কার্যকর করতে সরকারের সহায়তার আশ্বাস বারবার মিলেছে। এরপরও আশঙ্কা ও অনিশ্চয়তা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি দেশের মানুষ। রাজনৈতিক নেতাদের কথাতেও ঘুরেফিরে বেজেছে শঙ্কার সুর। ১১ জানুয়ারি ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপট বেশ দীর্ঘ। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এরশাদ সরকারের পতনের পর দেশের মানুষ একটি সুস্থ গণতান্ত্রিক ধারা প্রবর্তনের স্বপ্ন দেখেছিল। এজন্য তিন জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে সম্মত হয় রাজনৈতিক দলগুলো। বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১ সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতার প্রমাণ অসংখ্য। নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে রাজনৈতিক সরকারের ক্ষমতা হস্তান্তরের নিয়ম তৈরি ছিল এরই একটি অংশ। ১৯৯১ পরবর্তী সময়ে দলগুলোর মধ্যে অবিশ্বাস, সন্দেহ ও আস্থাহীনতা আরও বাড়তে থাকে। এর হাত ধরে দুর্নীতি প্রশ্রয় পেতে থাকে সমাজের প্রতিটি অংশে। পরবর্তী প্রায় দেড় দশক প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের প্রধান লক্ষ্যে পরিণত হয় যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া। সর্বশেষ বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নেয় ২০০৬ সালের ২৮ অক্টোবর। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল, ক্ষমতা ছাড়ার আগেই জোট সরকার নতুন মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য সমস্ত আয়োজন করে রেখেছে। শেখ হাসিনার ভাষায়, যা ছিল 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'। ১৪ দলের প্রধান আপত্তি ছিল জোট সরকারের পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাওয়া বিচারপতি কে এম হাসানকে নিয়ে। এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজকে সরিয়ে কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদসহ বেশ কিছু সংস্কার দাবিতে জোট সরকার ক্ষমতা ছাড়ার আগেই আন্দোলনে নামে ১৪ দল। জোট সরকারের মেয়াদের শেষ দিকে সংস্কার প্রশ্নে ছয় দফা আলোচনায় বসেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল। ২৫ অক্টোবর ঈদুল ফিতরের দিন আলোচনা ভেস্তে যায়। মান্নান ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানিয়ে দেন বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার ব্যাপারে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, আবদুল জলিল বিএনপির বিরুদ্ধে সংলাপের নামে প্রতারণার অভিযোগ আনেন। চরম অনিশ্চয়তার মুখে পড়ে সারাদেশ। জোট সরকারের ক্ষমতা ছাড়ার দিন ২৮ অক্টোবর থেকে দেশব্যাপী লাগাতার অবরোধের কর্মসূচি দেয় ১৪ দল। অন্যদিকে, কে এম হাসান প্রধান উপদেষ্টার পদ নিতে অস্বীকৃতি জানালে সঙ্কট নতুন মাত্রা পায়। তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন তা ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। পরে সমঝোতা না হওয়ার কারণ দেখিয়ে ২৯ অক্টোবর তিনি নিজেই প্রধান উপদেষ্টা হন। আওয়ামী লীগ ও সমমনা দলগুলো এ ঘটনার সমালোচনা করলেও নিরপেক্ষতা প্রমাণের জন্য ইয়াজউদ্দিন আহম্মেদকে চারদিন সময় দেয় তারা। ৩০ অক্টোবর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ১১টি বিষয়ে ২০ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, "আমরা আপনাকে গ্রহণও করিনি, বর্জনও করিনি। ৩ নভেম্বরের মধ্যে আপনি নিরপেক্ষতার প্রমাণ দিন।" তবে এরপর কখনোই আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর আস্থা অর্জন করতে পারেননি রাষ্ট্রপতি। বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে বারবার তিনি সমালোচিত হন। এমনকি তার বিরুদ্ধে দায়িত্বপালনে সহযোগিতা না করার অভিযোগ এনে ১১ ডিসেম্বর পদত্যাগ করেন উপদেষ্টা পরিষদের চার সদস্য ড. আকবর আলী খান, হাসান মশহুদ চৌধুরী, সি এম শফি সামী ও সুলতানা কামাল। ইয়াজউদ্দিন সরকারের বড় একটি সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ। বিভিন্ন অঘটনের জন্ম দিয়ে ২০০৬ সালের ২২ অক্টোবর শতর‌্যুক্ত তিন মাসের ছুটিতে যান আজিজ। এরপরদিন নাটকীয়ভাবে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব নেন আরেক বিতর্কিত কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান। এ সময় জুড়ে চলছিল ১৪ দলের কয়েক দফা অবরোধ কর্মসূচি। পাল্টা কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত জোটও। রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এরই মধ্যে ১৮ ডিসেম্বর জাতীয় পার্টি, এলডিপিসহ সমমনা দলগুলোকে নিয়ে 'মহাজোট' এর ঘোষণা দেন শেখ হাসিনা। ২০০৬ সালের ২৭ নভেম্বর প্রথমবারের মতো নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০০৭ সালের ২১ জানুয়ারি ভোট গ্রহণের কথা ছিল। এদিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলগুলো বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালনের সময় তফসিল ঘোষণাকে 'জনগণের সঙ্গে প্রতারণা' বলে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করে। সঙ্কট নিরসনে ৩ ডিসেম্বর প্রধান দুই রাজনৈতিক জোটের কাছে একটি 'প্যাকেজ প্রস্তাব' দেন উপদেষ্টারা। এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় ১৪ দল ও ৪ দল। তবে দুই জোটের ঐকমত্যের অভাবে প্যাকেজের অংশ- নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি আটকে থাকে। ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আগে ঘোষিত তফসিল পরিবর্তন করে সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ২৩ জানুয়ারি করে। অবশ্য ২৩ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় হিন্দু স