২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আগ্রহ দেখালেন নতুন পাঁচ উপদেষ্টা

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের নতুন নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টা। একইসঙ্গে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তারা। উপদেষ্টা হিসেবে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দপুরে সচিবালয়ে পৃথক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের নতুন নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টা। একইসঙ্গে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তারা। উপদেষ্টা হিসেবে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দপুরে সচিবালয়ে পৃথক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এ এম এম শওকত আলী বলেন, "সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত।" এ এম এম শওকত আলী আরো বলেন, "ইতোমধ্যেই নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে, সরকারও এ বিষয়ে যথা সময়ে উদ্যোগ নেবে বলে আশা করি।" আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ বলেন, "আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা।" সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।" যোগাযোগ উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) গোলাম কাদের বলেন, "২০০৮ সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কাজে আমি সন্তুষ্ট। ভোটার তালিকার কাজ শেষ হলে নির্বাচন অনুষ্ঠানের ৮০ ভাগ কাজ শেষ হবে বলে আমি মনে করি।" সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া প্রয়োজন। যেহেতু নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে, তাই এটা শেষ হওয়ার জন্য সময় দিতে হবে। সংলাপের ব্যাপারে আমি সরকারের কাছে প্রস্তাব দেব।" নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে যোগাযোগ উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করে বলেন, "এতে আমি নিজেও উদ্বিগ্ন। মূল্যবৃদ্ধির একটা কারণ আছে। ইতোমধ্যেই সরকার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে। আশা করছি মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।" প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ছাড়া মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের জন্য আরেকটি চ্যালেঞ্জ।" এডাব-এর সাবেক পরিচালক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী আরো বলেন, "আরো একটি চ্যালেঞ্জ রয়েছে সেটি হচ্ছে প্রশাসনিক সংস্কার। এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে; আশাকরি ভালোভাবে শেষও হবে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন এগিয়ে আনার জন্য যে দাবি উঠেছে সে প্রসঙ্গে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অবশ্যই হবে। উপদেষ্টা পরিষদে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার আগে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়টিও দেখা হবে।" জরুরি অবস্থায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রাশেদা কে চৌধুরী বলেন, "জরুরি অবস্থার কারণে সবক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমনটি বলা যাবে না। আর সবক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি স্থগিতও করা হয়নি।" জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, "এটি একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। উপদেষ্টা পরিষদে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, "আমাদের মূল চ্যালেঞ্জ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ জন্য সবাই সমন্বিতভাবে কাজ করে যাবো। সুর্নির্দিষ্ট কর্ম পরিকল্পনা কার্যকর করতে আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।" তিনি বলেন, "আমরা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। প্রতিটি মুহূর্ত আমাদের কাজে লাগাতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষার মানবিক গুণাবলী জাগিয়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সংকট নিরসন বিষয়ে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বিষয়টি নিরসনে আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। আমরা সেদিকে বেশি নজর দেব।" এ ছাড়া অর্থনীতির চাকাকে সচল রাখাও এ সরকারের একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। হোসেন জিল্লুর আরো বলেন, "অবশ্যই এই বিষয়টিকে (অর্থনীতির চাকা সচল করা) বাদ দিয়ে আমরা নির্বাচনের কথা ভাববো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমকে/ এএইচডি-ইএইচবি/এএল/এমএ/১৮১১ঘ.