ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের করা আলাদা দুটি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা, স্ত্রী সিগামা হুদা ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হয়েছে।
হুদা দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সংসদ এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন। আগামী ১৩ জানুয়ারি থেকে সাক্ষ্য নেওয়ার তারিখও ধার্য করেন তিনি। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ১১ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তালেবুর রহমান ধানমণ্ডি থানায় হুদা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, নাজমুল হুদা কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত ৭ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন।
স্বামীকে সহযোগিতা করার অভিযোগে সিগমা হুদাকে মামলায় আসামি করা হয়েছে। গত ৩ ফেব্র"য়ারি রাতে নাজমুল হুদাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সিগমা হুদাকে গ্রেপ্তার করা হয় ৫ জুলাই।
প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার একটি মামলায় নাজমুল হুদা সাত বছর ও সিগমা হুদা তিন বছর কারাদণ্ড ভোগ করছেন।
অন্য একটি দুর্নীতির মামলায় নাসের রহমানের বিরুদ্ধে বিশেষ জজ আদালত- ১০ এর বিচারক একেএম আরিফুর রহমান অভিযোগ গঠন করেন। আগামী ১৪ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়।
তবে এ মামলার অপর আসামি নাসের রহমানের স্ত্রী রেজিনা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
গত ২৭ মে গুলশান থানায় দ্নর্ুীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান নাসের দম্পতির বিরুদ্ধে মামলা করেছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২শ ৯৯ টাকার সম্পত্তি গোপন করেছেন। একইসঙ্গে তারা জ্ঞাত আয়-বহির্ভূত ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন।
৩ ফেব্র"য়ারি গভীর রাতে নাসের রহমানকে গ্রেপ্তার করা হয়। দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় নাসের রহমান বর্তমানে নয় বছরের কারাদণ্ড ভোগ করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24