ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি ১৮টি বাড়ি বরাদ্দ দুর্নীতির মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।
আগামী ২৮ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর ওপর শুনানি হবে।
বুধবার দুদকের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান আমিনের আদালত কোনো আদেশ না দিয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
গত ২ জানুয়ারি হাইকোর্ট আব্বাসের বিরুদ্ধে সরকারি ১৮টি বাড়ি বরাদ্দ দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে।
বিএনপির সরকারের মন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে ১৮টি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়ার অভিযোগে গত ২৯ মার্চ দুদক মতিঝিল থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করে।
মামলাটি এখন ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন।
মির্জা আব্বাসের পক্ষে রিটের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৯২৬ঘ.
bdnews24