২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি সচিবালয়ের জবাবদিহিতা থাকবে সংসদে: ছহুল হোসাইন

স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের কাজের জবাবদিহিতা থাকবে জাতীয় সংসদে। সংসদ অধিবেশনে নির্বাচন কমিশন সচিবালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী কোনো প্রতিনিধিকে নির্বাচিত করলে তিনিও প্রধানমন্ত্রীর পক্ষে এই জবাবদিহিতা করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের কাজের জবাবদিহিতা থাকবে জাতীয় সংসদে। সংসদ অধিবেশনে নির্বাচন কমিশন সচিবালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী কোনো প্রতিনিধিকে নির্বাচিত করলে তিনিও প্রধানমন্ত্রীর পক্ষে এই জবাবদিহিতা করতে পারবেন। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন সোমবার বিকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। ছহুল হোসাইন বলেন, "প্রচলিত আইন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক হয়ে স্বাধীন হওয়ার পর সংসদের কাছে এর জবাবদিহিতা থাকবে। প্রধানমন্ত্রী বা তার নির্বাচিত প্রতিনিধি সংসদ অধিবেশনে কমিশন সচিবালয় সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন।" প্রধানমন্ত্রীর কার্যালয় (বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে কমিশন সচিবলায় পৃথক হয়ে স্বাধীন হলে কী সুবিধা হবে, তা জানতে চাইলে তিনি বলেন, "এতে সচিবালয়ের কাজের গতি আরও বাড়বে। কমিশন সচিবালয়ে লোকবল নিয়োগ ও বদলী, বাজেট নির্ধারণ ইত্যাদি সবই আমরা নিজেরাই করতে পারবো। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের ওপর জনগণের আস্থাও বাড়বে।" ৩৬ বছর পর কমিশন তার সচিবালয়টিকে স্বাধীন করার উদ্যোগ নিয়েছে -- এ কথা মনে করিয়ে দিয়ে ছহুল হোসাইন জানান, কমিশনারের পদটি যেহেতু সংবিধানিক। সেহেতু নির্বাচন কমিশন স্বাধীন। এদিকে সোমবারই সকালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তার বারিধারার বাসায় সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার বিষয়ে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সামান্য কিছু সংশোধনের পর শিগগিরই এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে। ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের আইনগত কাঠামো তৈরি করা হয়েছে। তবে সামান্য কিছু সংশোধন বাকি রয়েছে।" "তবে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে এবং তা স্বাধীনভাবেই কাজ করছে", মন্তব্য করেন তিনি। গত বছর ৭ জুন নির্বাচন কমিশন স্বাধীন সচিবালয় আইনের একটি খসড়া সরকারের কাছে পাঠায়। ২৩ জুন উপদেষ্টা পরিষদ এই আইনটিকে নীতিগতভাবে অনুমোদন দেয়। নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের সময় ২৭ নভেম্বর ওয়ার্কার্স পার্টির সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানিয়েছিলেন, আইনের খসড়াটিকে সংশোধন করে সরকারের পক্ষ থেকে কমিশনে পাঠানো হলে তাদের তা পছন্দ হয়নি। এটি তারা আবার সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। দুপক্ষের ফাইল চালাচালিতে বিষয়টি আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে -- সে সময় এমন মন্তব্যও করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৮৫০ ঘ.