ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ বিরোধীদলীয় এমপির কাছে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির পক্ষে তাদের যুক্তি তুলে ধরেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার সন্ধ্যায় তাদের সাক্ষাৎকালে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে রক্ষণশীল দলের সাংসদ মার্গারেট অ্যান মেইন ও লন্ডনের বাংলাদেশী-অধ্যূষিত টাওয়ার হ্যামলেটের কাউন্সিলার জন টিমোথি আর্চার সন্ধ্যায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কারাবন্দি খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
প্রায় দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন ও কারাবন্দি দলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান 'সৌহার্দ্যপূর্ণ পরিবেশে' আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ''খালেদা জিয়ার মুক্তির যৌক্তিকতা আমরা যুক্তরাজ্যের এমপিকে জানিয়েছি।'' নজরুল ইসলাম খান বলেন, ব্রিটিশ অতিথিরা দেশের বিদ্যমান পরিস্থিতি সর্ম্পকে মনোভাব জানতে চাইলে তারা তাদের অবস্থান পরিস্কার করেছেন।
তবে বৈঠকের পর ব্রিটিশ এমপি সাংবাদিকদের বিস্তারিত কিছুই বলেননি। তিনি বলেন, '' আমি সবার সঙ্গে আলাপের পর মন্তব্য করব। এখন এর বেশি কিছু বলতে চাইনা।''
এর আগে ব্রিটিশ এমপি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত ব্রিটিশ এমপি মার্গারেট অ্যান মেইন ও টিমোথি আর্চার এক বেসরকারি সফরে গত শনিবার ঢাকায় এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২৩ঘ.
bdnews24