২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত দিলে হাসিনা বিদেশ যাবেন না: জিল্লুর

শর্ত সাপেক্ষে শেখ হাসিনা বিদেশ যাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শর্ত সাপেক্ষে হাসিনা দেশের বাইরে যাবেন না। তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে দেশের বাইরে পাঠানোর বিষয়টিতে সরকার শর্ত দিতে পারে।" ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার শুনানি ছিল রোববার। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 05:22 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত সাপেক্ষে শেখ হাসিনা বিদেশ যাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শর্ত সাপেক্ষে হাসিনা দেশের বাইরে যাবেন না। তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে দেশের বাইরে পাঠানোর বিষয়টিতে সরকার শর্ত দিতে পারে।" ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার শুনানি ছিল রোববার। তবে হাসিনার অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে না পারায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করে। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। ৩১ ডিসেম্বর বিচার কাজ চলার সময় সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাকে বিশেষ কারাগারে ফেরত নেওয়া হয়। সেদিনই বিশেষজ্ঞ চিকিৎসকরা কারাগারে গিয়ে তার তাৎক্ষণিক চিকিৎসা শেষে বাইরে বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন। এর পর পরই হাসিনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ওঠে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানসহ ৪১ জন বিশিষ্ট ব্যক্তি, ৩০৮ জন চিকিৎসক তার উন্নত চিকিৎসার দাবি করে সরকারের কাছে হাসিনাকে বিদেশ পাঠানোর অনুরোধ জানান। একদিনের ব্যবধানে হাসিনাকে বিদেশ পাঠানোর বিষয়ে মুখ খুলেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা সেদিন বলেছিলেন, প্রস্তাব পেলে উন্নত চিকিৎসার জন্য সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়টি সরকার বিবেচনা করবে। তিনি বলেন, "প্রস্তাব এলে দুই নেত্রীকে বিদেশ পাঠনোর বিষয়ে আইনগত দিক বিবেচনা করা হবে।" তবে এ ধরনের প্রস্তাব তাদের কাছে তখনো আসেনি বলে জানিয়ে মইনুল সেদিন আরো বলেছিলেন, "প্রস্তাব এলে বিষয়টি আমরা বিবেচনা করবো।" রোববার বিশেষ এজলাস থেকে বের হয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, যিনি আবার আসামিপক্ষের আইনজীবীদের একজন, সাংবাদিকদের বলেন, "বেদনার বিষয় হলো শেখ হাসিনা খুবই অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো নয়। আমরা তার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু সরকার আমাদের সে অনুমতি দেয়নি।" তিনি বলেন, "শেখ হাসিনাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। এতে তিনি নিঃসঙ্গ বোধ করছেন।" এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান আরো বলেন, "চিকিৎসক যদি পরামর্শ দেয় তাহলে দেশের বাইরে যেতে পারেন। কিন্তু দেশের যা অবস্থা তাতে সন্দেহ হয় তিনি বিদেশ যাবেন কি না। তাছাড়া নেত্রীর অবস্থাও নাজুক।" হাসিনার অন্যতম আইনজীবী ব্যারিস্টার শাফিক আহমেদ বলেন, "কারা কর্তৃপক্ষের প্রতিবেদনই প্রমাণ করে শেখ হাসিনা অসুস্থ। আর তাই এ সম্পর্কিত আমাদের দেওয়া এতদিনের বক্তব্যও সঠিক।" তিনি বলেন, "জীবন রক্ষার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি কোনো শর্ত সাপেক্ষে হতে পারে তা আমরা মনে করি না।" এর আগে সংসদ ভবনের বিপরীত পাশের মণিপুরী পাড়ার প্রবেশ পথে শেখ হাসিনার মুক্তি ও সুস্থতা প্রত্যাশা করে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি মওলানা ইলিয়াস হুসেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১২৫৯ ঘ.