ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানোর জন্য তার ব্যক্তিগত চিকিৎসকরা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য রোববারই তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন।
শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মোদাচ্ছের আলী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
ডা. মোদাচ্ছের বলেন, "প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আগামীকাল ভোরেই আমরা তার কার্যালয়ে যাব। সরকার প্রধান হিসেবে ওনার অনেক ব্যস্ততা থাকতে পারে। এজন্য উনি কথা বলতে না পারলে আমরা চাইব প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল কেউ যেন আমাদের আবেদনপত্র গ্রহণ করেন।"
সর্বশেষ চার দিন আগে শেখ হাসিনাকে দেখেছেন জানিয়ে ডা. মোদাচ্ছের বলেন, "তার (হাসিনার) রক্তচাপ ওঠানামা করছে। কিডনিতে সমস্যা আছে। এছাড়া গাইনি ও চোখের সমস্যা রয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার পর তার কানের ভেতর যে শ্রবণযন্ত্র লাগানো হয়েছে তাও কাজ করছে না।"
মোদাচ্ছের আলী জানান, নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণগোপাল দত্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহলা খাতুন ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ তার সঙ্গে আবেদনপত্র জমা দিতে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এসকে/২০৩০ঘ.
bdnews24