ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- -নির্বাচন কমিশনের রোডম্যাপের প্রতি সমর্থন জানালেও নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শুক্রবার বিকেলে ছাত্রলীগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, ''সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য দুই বছর সময় নিয়েছে। তাদের রোডম্যাপের প্রতি আমাদের সমর্থন জানিয়ে বলি, নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যান। আর সম্ভব হলে ঘোষিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করুন।''
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনার সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান জিল্লুর রহমান ।
জিল্লুর বলেন, "আমরা তার (শেখ হাসিনার) সুকিচিৎসা চাই। তার ভালোর জন্য মেডিকেল বোর্ড যে পরামর্শ দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে। বোর্ড যদি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে বলে, তাহলে আমরাও সেটাকেই সমর্থন করব। আর বোর্ড যদি বলে শেখ হাসিনার চিকিৎসা দেশেই সম্ভব, তাহলে সেটাই চাইব আমরা।"
দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "সরকার ব্যবস্থাপনায় দক্ষ হলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না।"
তিনি আরো বলেন, সরকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলেও রাজনীতিবিদদের সঙ্গে কথা বলছে না। সরকার যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে তা বাস্তবায়নের একমাত্র পথ হলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসা। এর কোনো বিকল্প বের করা হলে দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না।
আবদুর রাজ্জাক বলেন, "অতীতের গৌরবময় সময়ের তুলনায় ছাত্রলীগ আজ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। পুনর্গঠনের মাধ্যমে এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।"
ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা শেখ হাসিনাসহ দলের গ্রেপ্তার হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সভার আগে ছাত্রলীগ নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২১০৮ঘ.
bdnews24