ঢাকা, জানুয়ারী ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- শেখ হাসিনাকে কারাগারের বাইরে নিয়ে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে সাবেক প্রধানমন্ত্রী তাতে রাজি হচ্ছেন না। কারা কর্তৃপক্ষ বলছে, শেখ হাসিনা দুই এক দিনের মধ্যে বাইরে ওই পরীক্ষাগুলো করতে রাজি না হলে মেডিকেল বোর্ড করে তার চিকিৎসা করা হবে। এ ক্ষেত্রে কোনো আপত্তিতে কান দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলনে কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "তার (হাসিনা) সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন টেস্ট করা প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে তিনি অনীহা প্রকাশ করছেন। তার পছন্দের ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেবেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে। কিন্তু তিনি বারবার বলছেন, এসব বিষয়ে পরে জানাবেন।"
কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হাসানও সোমবার রাতে শেখ হাসিনাকে এ ব্যাপারে অনুরোধ করেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কারগারের বাইরে গিয়ে বিভিন্ন টেস্ট করাতে শেখ হাসিনার অনীহার বিষয়ে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, এ অবস্থায় আর দুই-একদিন দেখা হবে। আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট ডাক্তারদের দিয়ে তাকে রাজি করানোর চেষ্টা চালানো হবে। এতেও তিনি সম্মতি না দিলে সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বোর্ড করে তার চিকিৎসা করা হবে। এ ব্যাপারে তার কোনো কথা শোনা হবে না। এই বোর্ডে তার পছন্দের চিকিৎসকও থাকতে পারবেন।"
সংসদ ভবন এলাকায় স্থাপিত আদালতে সোমবার বিচার কাজ চলার সময় সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে বিশেষ কারাগারে ফেরত নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা কারাগারে গিয়ে তার তাৎক্ষণিক চিকিৎসা করে বাইরে বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন।
কারাকর্তৃপক্ষ জানায়, আওয়ামী লীগ সভানেত্রীর চোখ ও কানের সমস্যা রয়েছে। রক্তচাপও অস্থিতিশীল। এছাড়া তিনি পেটে ব্যথা অনুভব করছেন।
মঙ্গলবারও অসুস্থতার কারণে হাসিনাকে আদালতে আনা হয়নি।
মেজর ছিদ্দিকী বলেন, "মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হয়। তিনি আমাকে বলেন, তিনি খুবই অসুস্থ। এজন্যই তাকে আদালতে নেওয়া হয়নি।"
কারা উপ-মহাপরিদর্শক জানান, সাবেক প্রধানমন্ত্রীকে এ পর্যন্ত তার পছন্দের চারজন চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এরা হচ্ছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডা. প্রাণগোপাল, চক্ষু বিশেষজ্ঞ ডা. মোদ্দাচ্ছের আলী, গাইনি বিশেষজ্ঞ ডা. শায়লা খাতুন ও মেডিসিনের ডা. এ বি এম আবদুল্লাহ। তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধও দেওয়া হচ্ছে।
প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় তার চিকিৎসা করানো সম্ভব। কিন্তু জেল কোড অনুযায়ী কোনো বন্দিকে দেশের বাইরে পাঠানোর বিধান নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/১৯২১ ঘ.
bdnews24