ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাকে সামনে রেখে ১৪ দলের অর্ন্তভুক্ত সব দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার অংশ হিসাবে শনিবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগ।
১৪ দল যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলো তার ভিত্তিতেই নির্বাচন কমিশনের সঙ্গে যে আলোচনা হয় সেজন্যই জোটভুক্ত সব দলসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে যাচ্ছে আওয়ামী লীগ ।
ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে শনিবার সকাল ১১টায় দু'দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। গত শনিবার এ প্রসঙ্গে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেছিলেন। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছিলেন,"১৪ দলের লক্ষ্য এক ও অভিন্ন ছিলো। আমরা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অভিন্ন রূপরেখা ঘোষণা করতে চাই। এটাই হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তি। এজন্যই ১৪ দলের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনার উদ্যোগ গ্রহণ করেছি।"
তোফায়েল আহমেদ আরো বলেছিলেন,"১৪ দলকে পুনরুজ্জীবিত করতেই দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে।কারণ দেশের রাজনীতিতে যেন সংস্কার হয় সেজন্যই ১৪ দল গঠিত হয়েছিলো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/ ১৩৫৪ঘ.
bdnews24