২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে স্টিলের ব্যালট বাক্সই ব্যবহৃত হচ্ছে

সিটি করপোরেশন নির্বাচনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে স্টিলের তৈরি অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, আগামী ২০০৮ সালে বছর জুড়েই ধারাবাহিকভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের কাছে যথেষ্ট সংখ্যক স্টিলের ব্যালট বাক্স আছে। এগুলো ব্যবহার না করলে বিপুল পরিমান অর্থের অপচয় হবে। তাই স্থানীয় নির্বাচনগুলোতে আমরা এ সব ব্যালট বাক্স ব্যবহার করতে যাচ্ছি। তাছাড়া কমিশনের কাছে তো এ মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 06:57 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

বিপ্লব রহমান সিনিয়র রিপোর্টার, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিটি করপোরেশন নির্বাচনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে স্টিলের তৈরি অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, আগামী ২০০৮ সালে বছর জুড়েই ধারাবাহিকভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের কাছে যথেষ্ট সংখ্যক স্টিলের ব্যালট বাক্স আছে। এগুলো ব্যবহার না করলে বিপুল পরিমান অর্থের অপচয় হবে। তাই স্থানীয় নির্বাচনগুলোতে আমরা এ সব ব্যালট বাক্স ব্যবহার করতে যাচ্ছি। তাছাড়া কমিশনের কাছে তো এ মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স নেই।" নির্বাচনী আইন সংস্কার নিয়ে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সংলাপেও এ পর্যন্ত তিনটি দল স্টিলের তৈরি ব্যালট বাক্স ব্যবহারের পক্ষে মতামত দিয়েছে -- এ কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "এর আগে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কথা বলেছিলো, স্থানীয় নির্বাচনের জন্য নয়। তাদের মতামতের ভিত্তিতেই জাতীয় নির্বাচনে স্টিলের তৈরি অস্বচ্ছ, না স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহৃত হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্বচ্ছ ব্যালট বাক্স বিদেশে তৈরি হয়; এগুলো আমদানী ব্যয় ও সময় সাপেক্ষ -- সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।" কমিশনার জানান, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনে এরই মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। রাজশাহীতে ভোটার তালিকা তৈরির কাজ শেষের দিকে। আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্র"য়ারির শুরুতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ। একই সঙ্গে ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। তালিকা তৈরি শেষে খুলনা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার কথা ভাববে কমিশন। উল্লেখ্য, ১৪ মে ঢাকা, ১৬ জুন রাজশাহী এবং ২৬ জুন খুলনা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা গত ১৫ জুলাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপ অনুযায়ী ১৮ মাসে সারাদেশে ছবিসহ ভোটার তালিকা তৈরি হবে। আর ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বিগত সরকারের আমলে আওয়ামী লীগসহ বিরোধী দলগুলো নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে, তথা জাল ভোট ঠেকাতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোটার পরিচয়পত্রের দাবি তোলে। কিন্তু কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হচ্ছে বলে ভোটার পরিচয়পত্রের প্রয়োজন হবে না। এছাড়া নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করা গেলে ব্যয়বহুল স্বচ্ছ ব্যালট বাক্সেরও দরকার পড়বে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএ/১২৪৬ ঘ.