ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভূঁইয়াপন্থী অংশের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বলেছেন, তারা পরিবারতন্ত্রের বিপক্ষে। রাজনীতি ব্যক্তি কেন্দ্রীক হতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে গুলশানের ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে আশরাফ হোসেন এ কথা বলেন।
বিএনপি ও আওয়ামী লীগের বড় নেতাদের কারাগারে আটক করে রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার পরিকল্পনা সফল হবে না বলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন যে মন্তব্য করেছেন সে বিষয়ে আশরাফ হোসেনের বক্তব্য জানতে চান সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, "রাজনীতি কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল থাকে না। আমরা বিএনপিকে আরও গণতান্ত্রিক পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্র মুক্ত করে সামনের দিকে এগুনোর কাজ করছি। আমরা মনে করি রাজনীতি হবে ব্যক্তি কেন্দ্রীক নয়, জনগণ কেন্দ্রীক।"
তিনি জানান, তার দলে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের জন্য আব্দুল মান্নান ভঁইয়ার খসড়া প্রস্তাবগুলো দলের কাউন্সিলর ও নেতাকর্মীদের কাছে পৌঁছানো হচ্ছে। খসড়া প্রস্তাবের পক্ষে জনমত সৃষ্টির পর কাউন্সিলের মধ্যেমে তা বাস্তবায়ন হবে।
তবে কবে কাউন্সিল হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত জানিনা। মামলার বিষয় না জেনে কিছু বলা ঠিক হবে না।"
এর আগে মান্নান ভূঁইয়ার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন, নরসিংদী জেলা সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রিন্সসহ বিভিন্ন থানার নেতারা দেখা করেন। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, আব্দুল হাকিম, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সাবেক সাংসদ নাজির হোসেন, শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৩৪০ ঘ.
bdnews24