ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতিতে খালেদা জিয়া জড়িত নন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। একইসঙ্গে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনার মুক্তি চেয়েছেন বিএনপির এ নেতা।
বিএনপির 'বহিষ্কৃত' মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মহল বিশেষের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার মহাখালীর ডিওএইচএস এর বাসায় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "গ্যাটকোর দরপত্রের অনুমোদন খালেদা জিয়া দেননি। মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটিতে কোনও প্রস্তাব বাতিল হলে তা প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়ার সুযোগ নেই।"
খালেদাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সাবেক পাট মন্ত্রী হান্নান শাহ বলেন, "গ্যাটকো সংক্রান্ত মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। তদন্ত চলাকালে কাউকে এভাবে গ্রেপ্তার করা হয় না।"
মান্নান ভূঁইয়া একটি বিশেষ মহলের আর্শিবাদপুষ্ট মন্তব্য করে হান্নান শাহ বলেন, "তিনি (মান্নান ভূঁইয়া) সংস্কারবাদী নন। তিনি মহল বিশেষের পক্ষে কাজ করছেন।"
রাজনৈতিক দলের বিষয়ে নির্বাচন কমিশনের জেনেশুনে কথা বলা উচিত মন্তব্য করে হান্নান শাহ বলেন, "সংস্কারের বিষয়টি একান্তই দলের নিজস্ব বিষয়। এটা নির্বাচন কমিশনের কাজ নয়।"
তিনি জানান, বিএনপিতে সংস্কার দলের চেয়ারপারসনকে নিয়েই হবে।
দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছেনা বলেই সরকার জরুরি অবস্থা বহাল রেখেছে বলে মন্তব্য করেন হান্নান শাহ। তিনি বলেন, "আমরা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করতে চাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/এমএ/১৪২৭ঘ.
bdnews24