ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন সংক্রান্ত সব যোগাযোগ খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে খালেদা জিয়াপন্থী বিএনপি।
সোমবার দলের এ অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ সিইসি বরাবর একটি চিঠি কমিশনের সচিব হুমাযুন কবিরের কাছে হস্তান্তর করেন।
চিঠিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে খোন্দকার দেলোয়ার হোসেন বরাবর যোগাযোগ করার অনুরোধ জানিয়ে বলা হয়, "সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের যে অঙ্গীকার কমিশন করেছে, তার পরিপ্রেক্ষিতে বিএনপি কমিশনের কাছে ন্যায়সঙ্গত ও সুবিবেচনাপ্রসূত দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে।"
পরে রিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একটাই। এ দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তাই বিএনপির বিষয়ে অন্য কারও সঙ্গে যোগাযোগ কোনোভাবে গ্রহণযোগ্য নয়।"
তিনি বলেন, "দলের গঠনতন্ত্র অনুযায়ী মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কৃতদের আপত্তি আমলে এনে নির্বাচন কমিশন বিএনপির সঙ্গে যোগাযোগে নীরবতা পালন করছে। এটা অনভিপ্রেত বলে আমরা মনে করি।"
সকাল সাড়ে ১১টায় ওই চিঠি দেওয়ার সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান মেহেদী, সাইফুৃৃল ইসলাম টিপু, জাসাসের আশরাফ হোসেন প্রমুখ।
এদিকে দুপুরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ''আমি চিঠি এখনো দেখিনি। আপনাদের কাছে জানলাম যে রিজভী আহমেদ কমিশনের বিরুদ্ধে নীরবতা পালনের অভিযোগ করেছেন। এটা সঠিক নয়। বিএনপির সঙ্গে সংলাপের সময় ২২ নভেম্বর। এর ১৫ দিন আগে সংশ্লিষ্ট দলের কাছে চিঠি পাঠানো হয়ে থাকে। তাই এখন এরকম অভিযোগ করাটা যুক্তিসংগত নয়।''
প্রসঙ্গত, খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগের পরদিন গত ৫ সেপ্টেম্বর দলের সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক চিঠির মাধ্যমে মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনের বহিষ্কার সংক্রান্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানান।
তার পরপরই দলের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি পাল্টা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে বলেন, দলের চেয়ারপার্সনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এ সংক্রান্ত বহিষ্কারের সিদ্ধান্ত অগঠনতান্ত্রিক। আবদুল মান্নান ভূঁইয়াই বিএনপির মহাসচিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএম/এমআই/এসকে/১৪২৮ ঘ.
bdnews24