ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিটি করপোরেশনের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এ বছরের ডিসেম্বরের শেষে ঘরোয়া রাজনীতি চালুসহ জরুরি অবস্থা শিথিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। একইসঙ্গে তিনি বলেছেন, বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে নির্বাচনের রোডম্যাপ বিফলে যাওয়ার কোনো আশঙ্কা তিনি করছেন না।
রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, "যেসব জায়গায় ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ হবে, জানুয়ারি থেকে সেসব স্থানে আমরা সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনগুলো করবো। সরকারের সঙ্গে আমার কথা হয়নি; তবে আমি মনে করি, ওই নির্বাচনগুলো করতে ডিসেম্বরের শেষে ঘরোয়া রাজনীতি চালু করাতো বটেই, জরুরি অবস্থাও শিথিল করা প্রয়োজন। নইলে নির্বাচন হবে কীভাবে? আর নির্বাচন করার জন্যই তো এ সরকারের জন্ম।"
রোডম্যাপ বাস্তবায়নের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে সিইসি বলেন, "বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে নির্বাচনের রোডম্যাপ বিফলে যাওয়ার কোনো কারণ নেই। তেমন কোনো দুর্ঘটনার আশঙ্কা আমি করছি না।"
সিইসি আরো বলেন, "ভারতের পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা আমাদের চেয়ে অনেক কম। কিন্তু তিন বছরেও তারা ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করতে পারেনি। আমাদের দেশে ১৮ মাসে ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করাও খুব কঠিন হবে। কিন্তু আমরা এই কঠিন কাজটাই করতে চাই। ২০০৮ এর অক্টোবরের আগেই হয়তো কাজ শেষ করতে পারবো।"
এ ব্যাপারে সুশৃঙ্খল ও দক্ষ সেনাবাহিনী কমিশনকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে বলেও জানান সিইসি।
নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপ প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "বিএনপির দুই গ্র"পই আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কিন্তু আমরা দাওয়াত দেব একটি গ্র"পকে। আশা করি, নভেম্বরে আলোচনা শুরুর আগেই তারা বিষয়টির সুরাহা করে ফেলবে।"
সিইসি আরো বলেন, "সরকারের কাছ থেকে আমরা অকৃত্রিম সাহায্য পাচ্ছি। বাজেট কিংবা লোকবল, যখনই যা প্রয়োজন, আমরা তা পাচ্ছি। অতীতে নির্বাচন কমিশনের এসব বিষয়ে সমস্যা হয়েছে; এখন হচ্ছে না।"
মতবিনিময় সভায় সিইসি ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে ইলেকট্রনিক গণমাধ্যমের সহযোগিতা চান। গণমাধ্যমে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
এটিএম শামসুল হুদা বলেন, "এখন আমরা ৩০টি জায়গায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ করছি। আগামী নভেম্বর থেকে সারা দেশে এই কাজ শুরু হবে। ভোটারদের এতে উদ্ধুদ্ধ করার জন্য গণমাধ্যমের সহযোগিতা আমাদের প্রয়োজন।"
দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির ও নির্বাচনী কর্মকর্তারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। ছবিসহ ভোটার তালিকার প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী প্রকল্পের নানা দিক ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারি, একুশে টিভির বার্তা প্রধান শাহ আলমগীর, বাংলাভিশনের নির্বাহী পরিচালক (বার্তা) আমিনুর রশিদ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক সাইফুল আমিনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের শীর্ষ কর্মকর্তারা এতে যোগ দেন।
ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা গণমাধ্যমের সঙ্গে ঘন ঘন মতবিনিময় করার প্রস্তাব দিলে সিইসি একে স্বাগত জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএইচডি-ইএইচবি/জেকে/এমএ/১৬৪০ ঘ.
bdnews24