ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'বহিষ্কৃত' মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সিঙ্গাপুর সফরকে 'দুরভিসন্ধিমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।
শুক্রবার দুপুুরে নিজের বাসায় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "চিকিৎসার নামে মান্নান ভূঁইয়ার সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি দুরভিসন্ধিমূলক। তবে সিঙ্গাপুরে যে অভিজাত হোটেলে তিনি উঠেছিলেন, দলের নেতাকর্মীদের চাপে তাকে সে হোটেল ছাড়তে হয়েছে।"
ধানের শীষ প্রতীককে নিজেদের দাবি করে তিনি বলেন, "সারাদেশে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত হলে অনেক রাজনৈতিক নিশাচর-নেতা গর্তে ঢুকে যাবেন।"
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, " (কমিশনের) চিঠি পাওয়ার পর আমরা মহাসচিবসহ নেতাদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেব।"
'বহিষ্কৃত' আরেক নেতা আশরাফ হোসেনের ধানের শীষ প্রতীক দাবির বিরোধিতা করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, "দল থেকে বহিষ্কৃত হয়ে তিনি কীভাবে নিজেকে বিএনপির সদস্য দাবি করেন। তিনি দলের কেউ নন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার দল বিএনপি। এর প্রতীক ধানের শীষ। এ প্রতীক অন্য কোনো ব্যক্তি কিংবা দল দাবি করতে পারে না।''
তিনি বলেন, "বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে যারা এখন দল নিয়ে টানা-হেঁচড়া করছেন, তাদের জানা উচিৎ, এটা সঠিক কাজ হচ্ছে না। নেতা-কর্মীরা কেউই তাদের সঙ্গে নেই। সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে প্রমাণ হবে, কারা বিএনপির দাবিদার। মাঠ পর্যায়ের নেতা-কর্মীরাই বলে দেবে বিএনপির নেতৃত্ব খালেদা জিয়ার হাতে।''
দলের অনেক নেতা চাপে পড়ে মান্নান ভূঁইয়ার সঙ্গে গেছেন
bdnews24