২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন আইনজীবীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হলেও জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তার আইনজীবীরা। এ ব্যাপারে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছেন খালেদা জিয়া। মঙ্গলবার বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার দুই আইনজীবী। এ সময় তিনি আইনজীবীদের কাছে মামলার সর্বশেষ অবস্থা জানতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হলেও জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তার আইনজীবীরা। এ ব্যাপারে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছেন খালেদা জিয়া। মঙ্গলবার বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার দুই আইনজীবী। এ সময় তিনি আইনজীবীদের কাছে মামলার সর্বশেষ অবস্থা জানতে চান। খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাটি সোমবার জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হয়েছে। জরুরি ক্ষমতা বিধিমালায় কোন মামলায় জামিন আবেদন করা যায় না। এছাড়া ১২০ কার্যদিবসের মধ্যো মামলার অভিযোগপত্র দাখিলসহ বিচার কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহম্মেদ অসীম বিকেল সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। প্রায় একঘন্টা কথা বলার পর বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, "যে মামলায় উনাকে (খালেদা জিয়া) গ্রেপ্তার করা হয়েছে তা জরুরি বিধিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাডাম আমার কাছে ওই মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। তিনি জানতে চেয়েছেন এ অবস্থায় কি করা যায়।" ব্যারিস্টার অসীম বলেন, "নিু আদালতে জামিন চাওয়া না গেলে তো উচ্চ আদালতে যেতেই হবে। সুপ্রিম কোর্ট তো জরুরি ক্ষমতা বিধিমালার মধ্যে পড়েনি। জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইব্যুনাল বলতে তো সুপ্রিম কোর্টকে বোঝায় না।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নেত্রী নিজেও জানেন, এ মামলায় জামিন চাওয়া যাবে না। উনি নিজে আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে সবাইকে এক সঙ্গে বসে আলাপ-আলোচনা করে উচ্চ আদালতে জামিন আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন। এ জন্য ব্যারিস্টার রফিকুল ইসলামসহ কয়েকজন সিনিয়র আইনজীবীকে নিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।" ব্যারিস্টার অসীম বলেন, "খালেদা জিয়া দেশের জনগণকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।" চেয়ারপারসন হান্নান শাহকে দলের প্রধান সমন্বয়ক নিয়োগ করেছেন কিনা জানতে চাইলে ব্যারিস্টার অসীম বলেন, "হান্নান শাহ বিএনপির মহাসচিবকে সহায়তা করবেন। উনি যেভাবে বিগত দিনে কাজ করেছেন এখন সেভাবেই কাজ করে যাবেন।" বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিশেষ কারাগারে যান তার অপর আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দোকার। প্রায় একঘন্টা পর বের হয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার জামিন আবেদনের জন্য আমরা অবশ্যই উচ্চ আদালতে যাবো। এছাড়া জরুরি ক্ষমতা আইন জারির পর থেকে আমাদের যেসব নেতা-কর্মী গ্রেপ্তার বা হয়রানির শিকার হয়েছে তাদের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।" আব্দুল ওয়াদুদ বলেন, "খালেদা জিয়াকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার আসামি মোট ১৩ জন। কিন্তু এখন পর্যন্ত খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকো ছাড়া আর কোন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ থেকেই বোঝা যায় মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছে।" ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ মোট ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুর্নীতি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। মামলার অন্য অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহণ) এএম সানোয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, সাবেক নৌ পরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) চার পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কেএম মুসা কাজল, এহসান ইউসুফ এবং নিউ ডিওএইচএস এর বাসিন্দা জাহানার আনসার। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনার এ অনুমোদন দিয়েছে। আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে তার মইনুল সড়কের বাড়ির নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করেছেন। তিনি বলেন, "খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমানকে গ্রেপ্তারের পর থেকে তার মইনুল সড়কের বাড়িটি অরক্ষিত পড়ে আছে। এখন সেখানে কেউ থাকছেন না। এ অবস্থায় তার বাড়িতে ঢুকে কেউ যেন কোন অপকর্ম বা বাড়িটির অপব্যবহার করতে না পারে সে জন্য খালেদা জিয়া বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/ এমএ/২০০৫ঘ.