ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে অশোভন আচরণের ঘটনা তদন্তে গঠিত দলীয় কমিটি মঙ্গলবার চারজনের সাক্ষ্য নিয়েছে।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত এক সদস্যের তদন্ত কমিটি এই সাক্ষ্য গ্রহণ করেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। এ সময় তদন্ত কমিটিকে সাহায্য করেন দলের সহ -দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী উপস্থিত হয়ে তার বক্তব্য লিখিত আকারে সাজেদা চৌধুরীর সামনে উপস্থাপন করেন। সোমবার সাক্ষ্য দেওয়া রংপুর হারগাছা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ এরশাদ আলী মঙ্গলবার তার বক্তব্যও লিখিত আকারে কমিটিরে সামনে উপস্থাপন করেন।
এছাড়াও সাজেদা চৌধুরী কার্যালয়ের বাইরে দোকানদার আবুল কাশেম ও মোহাম্মদ কালামের সাক্ষ্য গ্রহণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৬০০ঘ.
bdnews24