২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সালাউদ্দিনের স্ত্রী-ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির অভিযোগ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা তিনটি মামলায় ঢাকা- ৪ আসনের সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার, ছেলে ইমরান আহমেদ ও সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ খানের স্ত্রী মাসুদা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা তিনটি মামলায় ঢাকা- ৪ আসনের সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার, ছেলে ইমরান আহমেদ ও সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ খানের স্ত্রী মাসুদা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক রোববার বিকেলে এ আদেশ দেন। সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী শামসুন্নাহার ও ছেলে ইমরান আহমদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দুটি মামলা করেন এনবিআর এর অতিরিক্ত সহকারী কর কমিশনার এস এম ইব্রাহীম। মামলায় শামসুন্নাহারের বিরুদ্ধে ২০০২-২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ২১ লাখ ৩১ হাজার ১৭৮ টাকা এবং ইমরানের বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ করবর্ষ পর্যন্ত দুই কোটি তিন লাখ ৫২ হাজার ৫৬৪ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়। সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ খানের স্ত্রী মাসুদা খানের বিরুদ্ধে মামলাটি করেন উপ কর কমিশনার কাজী লতিফুর রহমান। এতে অভিযোগ করা হয়, ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত মোট নয়টি করবর্ষে আসামি আয়ের উৎস ও তথ্য গোপন করে ২২ লাখ ২০ জাহার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন। এর আগে এনবিআরের আরেক মামলায় গত বুধবার সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ খানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন একই আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৭২৫ ঘ.