ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সংস্কারপন্থী বলে পরিচিত নেতাদের ক্ষুদ্ধ কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটি সোমবার থেকে কাজ শুরু করবে।
কমিটির একমাত্র সদস্য দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী
রোববার সকালে নিজের বাসায় সাংবাদিকদের বলেন, "সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানমন্ডিতে আমি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বসবো।"
সাজেদা চৌধুরী আরও বলেন, "নোটিশ দিয়ে তো কাউকে ডেকে আনা যাবেনা। যারা চাইবে তারা এখানে এসে আমার সঙ্গে কথা বলতে পারবেন।"
এর কিছুক্ষণ পর সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করেন। বের হয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, "ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে আমার ৩/৪ দিনের বেশি সময় লাগবে না।"
ঘটনার দিন তিনি ওই স্থানে উপস্থিত ছিলেন জানিয়ে সাজেদা চৌধুরী বলেন, "হঠাৎ বিস্ফোরণের মত ঘটনাটি ঘটেছিল। ঘরোয়া রাজনীতি বন্ধ। এ কারণে মনের যন্ত্রণা থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না থাকলে আমিও হয়তো এরকম ক্ষোভের শিকার হতে পারি।"
শনিবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটিকে এক সপ্তাহের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতির কাছে তদন্ত প্রতিবদেন জমা দিতে বলা হয়।
গত বুধবার আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় একদল কর্মী ও সর্মথক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস ও কার্য নির্বাহী সংসদের সদস্য অধ্যাপক আবু সাইয়িদের সঙ্গে অশোভন আচরণ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে লাঞ্ছিত করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসকে/১৪১৬ ঘ.
bdnews24