ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির সংস্থারপন্থী অংশের নেতা মান্নান ভূঁইয়া বলেছেন, আমরা দলে ঐক্য চাই, কোনো বিভক্তি চাই না। সংস্কার বিরোধীদের অনুরোধ করবো তারা যেনো দল বিভক্ত না করে দলে ফিরে আসে।
রোববার সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আব্দুল মান্নান ভূঁইয়া হৃদরোগ ও প্রোস্টেট গ্ল্যান্ডজনিত রোগের চিকিৎসা করাবেন। গত জুলাই মাসে এ হাসপাতালে মান্নান ভূঁইয়া হৃদপিন্ডের ধমনীতে সৃষ্ট ব্লক অপসারণ করে স্ট্রেইন প্রতিস্থাপন করা হয়েছে।
মান্নান ভূঁইয়া জানান, তার অবর্তমানে মহাসচিবের দায়িত্ব পালন করবেন আশরাফ হোসেন।
বিএনপির সংস্কারপন্থী অংশের এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, "বিএনপিকে সৎ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের ভেতর এতোদিন যেসব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নিষ্ক্রিয় ছিলেন, তাদেরকে সক্রিয় করা হবে।"
মান্নান ভূঁইয়া তার আরোগ্য লাভের জন্য দেশবাসী ও নেতাকর্মীদের দোয়া চেয়েছেন।
তিনি জানান, চিকিৎসা শেষে তিনি দেশে এসে জনগণের জন্য কাজ করবেন। তার অনুপস্থিতিতে দলের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্য নেতারা কাজ করবেন।
এ সময় সংস্কারপন্থী অংশের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেড এ খান, আশরাফ হোসেন, জহির উদ্দিন স্বপন, মফিকুল হাসান তৃপ্তি, ডা. জিয়াউল হক মোল্লা, সরদার সাখাওয়াৎ হোসেন বকুল, মাসুদ অরুন, প্রকৌশলী শহিদুজ্জামান ও ধীরেন্দ্র নাথ সাহা।
দুপুরে থাই এয়ারলাইন্সের বিমানে চড়ে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ভূঁইয়া অনিন্দ্য মোহাইমেন। বিমান বন্দরে কয়েকজন সিনিয়র নেতা তাকে বিদায় জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১২৪৪ ঘ.
bdnews24