ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের দাফন শনিবার সম্পন্ন হয়েছে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্টিত হয়।
প্রধান উপদেষ্টা, উপদেষ্টামন্ডলীর সদস্য, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকরা এই জানাজায় উপস্থিত ছিলেন।
দুপুরে বনানী গোরস্থানে প্রয়াত এই নেতার দাফন সম্পন্ন হয়।
আগামী রোববার ট্রাষ্ট মিলনায়তনে বাদ জোহর এ এস এইচ কে সাদেকের কুলখানি অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক স্পিকার এডভোকেট আব্দুল হামিদ, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সা'দাত হোসেইন, অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং রাজনৈতিক নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, খন্দকার দেলোয়ার হোসেন, এম কে আনোয়ার, এ এইচ এম মোফাজ্জল করিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুবুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, আব্দুস শহীদ, আখতারুজ্জামান, সাবের হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্ণেল ফারুক খান, আবুল আহসান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, এম এম শাহীন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এ এস এইচ কে সাদেকের কফিনের ওপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ও স্পিকার। এসময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন ড. এ কে আজাদ চৌধুরী, তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, আব্দুল মান্নান, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, নুরুল ইসলাম নাহিদ, নুহ উল আলম লেনিন, ড. আব্দুর রাজ্জাক, ইয়াফেস ওসমান, বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট কামরুল ইসলাম হক প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, মুকুল বোস, নাজমা রহমান ও অ্যাডভোকেট সাহারা খাতুন।
নির্বাচনী এলাকা যশোরের কেশবপুরে অবস্থানকালে গত ৯ সেপ্টেম্বর সকালে এ এস এইচ কে সাদেক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৩ বছর। সেদিন সকালে কেশবপুরে প্রথম জানাজার পর তার মৃতদেহ ঢাকায় নিয়ে এসে অ্যাপোলো হাসপাতালে রাখা হয়।
এ এস এইচ কে সাদেক ১৯৩৪ সালে যশোরে জন্মগ্রহণ করেন । ১৯৫৬ সালে তিনি তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালের ২৫ মার্চ সরকারি চাকরি ছেড়ে এ এস এইচ কে সাদেক আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০২ সালের ডিসেম্বরের আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যও ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৪১০ঘ.
bdnews24