ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপিতে ফিরিয়ে আনার প্রস্তাব সম্পর্কে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বলেছেন, দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে ডুবন্ত বিএনপিকে ভাসাতে বদরুদ্দোজা চৌধুরী দায়িত্ব নেবেন কিনা তা এখনই বলা যাবে না।
বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম সাংবাদিকদের জানান, দলের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বি চৌধুরীকে বিএনপিতে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
আব্দুল মান্নান এলডিপি সভাপতি বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি থেকে বের করে দেওয়ার কথা মনে করিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সুদিনে-দুর্দিনে বি চৌধুরী দলের সঙ্গে ছিলেন। অথচ তার প্রতি নির্মম আচরণ করেছে বিএনপি। কী অসম্মানজনক পন্থায় তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরানো হয়েছিল দেশবাসী তা জানে। বিএনপির নেতৃত্বের জন্য ওই সিদ্ধান্ত ছিল কলঙ্কজনক।
এলডিপি মহাসচিব আরও বলেন, "বিএনপিতে অধ্যাপক চৌধুরীর প্রয়োজন দেরিতে হলেও মান্নান ভূঁইয়ারা উপলব্ধি করেছেন। কিন্তু অধ্যাপক চৌধুরী এখন কোনো ব্যক্তি নন, জনগণের সম্পদ। তিনি এলডিপি ও বিকল্পধারার প্রতিষ্ঠাতা। তাদেরকে ছেড়ে কেন তিনি যাবেন তা বিবেচনার অপেক্ষা রাখে।"
তিনি বলেন, "এক সময় যে বিএনপি অনেক বড় দল ছিল তা আজ ইতিহাস হয়ে গেছে। আমরা বিএনপির মঙ্গল চাই এবং তাদের শুভকামনা করি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসি/এমএ/১৬৪৮ ঘ.
bdnews24