ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নির্বাচন কমিশনের সাধ্যের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে দাবি-দাওয়া জানানোর অনুরোধ করেছেন। বুধবার ইসলামী ঐক্যজোটের সঙ্গে আলোচনার সময় তিনি এ অনুরোধ করেন।
রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী আইন সংস্কার নিয়ে আলোচনা শুরুর প্রথম দিনে বাংলা বর্ণানুক্রমে আসা প্রথম দল হিসেবে ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে কথা বলেন সিইসি।
বুধবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আলোচনা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। এতে ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দিন খান ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছুহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরসহ আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বিস্তারিত)
আলোচনার শুরুতে শামসুল হুদা স্বাগত বক্তব্যে জোট নেতাদের উদ্দেশে বলেন, "আমরা যে খসড়া নিয়ে আলোচনা করব সে বিষয়ে এরই মধ্যে দেশের বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের মত নেওয়া হয়েছে। আপনারা এমন কিছু দাবি করবেন না, যা আমরা মানতে পারব না। কমিশনের সাধ্যের মধ্যে যা আছে এমন কিছুই আপনারা চাইবেন বলে আমরা বিশ্বাস করি।"
কমিশনের সঙ্গে আলোচনা শেষে ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী সাংবাদিকদের জানান, তারা প্রতি জেলার পরিবর্তে প্রতিটি আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগ, নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা করা, দলের কেন্দ্রীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার প্রস্তাবিত শর্ত বাতিল, দলের অঙ্গ সংগঠনের পরিবর্তে স্বাধীন ছাত্র-শ্রমিক সংগঠন গড়ে তোলা ও স্বচ্ছ বা আধা স্বচ্ছ ব্যালট বাক্সের পরিবর্তে আগের মতো স্টিলের তৈরি অস্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহারের প্রস্তাব করেছেন।
পরে কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, "সংস্কারমূলক নির্বাচনী আইন নিয়ে কমিশন এখন রাজনৈতিক দলের মতামত নিচ্ছে। এটি শেষ হলে কমিশন তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে।"
সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই কমিশন সংস্কার আইনের চূড়ান্ত রূপ দেবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
তিনি জানান, কমিশনের তালিকার বাইরে আরও চার-পাঁচটি রাজনৈতিক দল আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছে। যোগ্যতা যাচাইয়ের পর তাদেরকেও ডাকা হবে।
ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন, মহাসচিব আবদুল লতিফ নেজামী, মজলিসে শূরা সদস্য মওলানা মুফতি ফয়জুল্লাহ, মওলানা আবুল কাশেম, মওলানা জুবায়ের আহমেদ, মওলানা আবদুল লতিফ, মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।
গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দিনক্ষণ ঘোষণা করেন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে এ আলোচনা চলবে।
১৯৭২ সালের গণপ্রতিনিধিত্বমূলক আদেশ, ১৯৯৬ সালের নির্বাচনী আচরণবিধি ও ২০০১ সালে প্রণীত রাজনৈতিক দলের নিবন্ধন বিধির সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার কথা রয়েছে। এছাড়া নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার নিয়েও কথা বলবে কমিশন।
এর আগে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, খসড়া আইনের যে সব বিষয়ে কমিশন ও রাজনৈতিক দল একমত হবে তা নিয়ে আলোচনার দরকার পড়বে না। আইনের কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা নিয়েই কেবল আলোচনা হবে।
কমিশনের ঘোষিত তালিকা অনুসারে এরপর ১৬ সেপ্টেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ, ২০ সেপ্টেম্বর গণতন্ত্রী পার্টি, ২৭ সেপ্টেম্বর জাতীয় পার্টি, ৪ অক্টোবর জাতীয় পার্টি (মঞ্জু), ৯ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব), ২৫ অক্টোবর জামায়াতে ইসলামী বাংলাদেশ, ২৮ অক্টোবর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর), ৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, ১১ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ১৫ নভেম্বর জাতীয় পার্টি (নাজিউর), ২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২৫ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ২৯ নভেম্বর সাম্যবাদী দল (এম-এল) সঙ্গে আলোচনা হওয়ার রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এএইচডি-ইএইচবি/এসকে/এসএনডি/ ১৬৫৪ ঘ.
bdnews24