ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আগামী সোমবার অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থন করে জবানবান্দী দেবেন।
মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলম সাক্ষ্য নেওয়া শেষে ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দী নেওয়ার দিন ধার্য করেন।
সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয় ১ আগষ্ট। রাষ্ট্রপক্ষে মোট ৩৮ জন সাক্ষ্য দেন।
২১ মার্চ এ দম্পতির বিরুদ্ধে এক কোটি ১৬ লাখ টাকার সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
১৯ জুলাই নাসিম দম্পতির বিরুদ্ধে আখতার হামিদ ভূঁইয়া অভিযোগপত্র দেন। এতে সম্পত্তির বিবরণীতে এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকার হিসাব কম দেখানোর কথা বলা হয়।
ওই দিনই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-১ এ পাঠিয়ে দেন। ২৬ জুলাই বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, হিসাব বিবরণীতে আসবাবপত্রের মূল্য বাবদ ২৩ লাখ ৪৭ হাজার এবং ইলেকট্রনিক সামগ্রী বাবদ ২২ লাখ ২০ হাজার টাকার হিসাব কম উল্লেখ করা হয়েছে। ঢাকার তেজগাঁও থানার পশ্চিম রাজাবাজারে স্ত্রীর নামে থাকা বাড়ির দাম ১৩ লাখ এবং সিরাজগঞ্জের বাড়ির দাম ৮২ লাখ ১৪ হাজার ১৩৯ টাকা কম দেখানো হয়েছে।
এছাড়া আইএফআইসি ব্যাংকের ফেডারেল শাখায় তিন লাখ এক হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় চার লাখ ৬৯ হাজার ৫৮৭, লকারে ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, পাবনা জেলার কাশীনাথপুরে দুই লাখ ৪৮ হাজার ৪২ টাকা মূল্যের তিন দশমিক ৯২ একর জমি, আল-আমীন সিটি টাওয়ারে দুইটি ফ্ল্যাট, একটি গাড়ি ও একটি গ্যারেজ বুকিং বাবদ নয় লাখ ১৯ হাজার টাকার হিসাবেও গড়মিল রয়েছে।
এ মামলায় মোহাম্মদ নাসিম কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24