ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তরা মটরসের করা চাঁদাবাজি মামলায় ব্যারিস্টার নাজমুল হুদাকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গত ৭ সেপ্টেম্বর তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।
রিমান্ড শেষে সোমবার নাজমুল হুদাকে আদালতে আনা হলে ঢাকার মহানগর হাকিম মো. আশরাফ উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে দেওয়া রিমান্ড-ফেরত প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম উল্লেখ করেন, নাজমুল হুদা জিজ্ঞাসাবাদে মামলা বিষয়ে উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন। এগুলো এখন যাচাই বাছাই করা হচ্ছে।
গত ৫ জুলাই উত্তরা মটরসের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এক কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে ধানমন্ডি থানায় নাজমুল হুদার বিরুদ্ধে এ মামলাটি করেন।
মামলার বিবরণে জানা যায়, উত্তরা মটরসের আমদানি করা সিএনজি চালিত অটোরিকশা বাজারে ছাড়ার অনুমতির জন্য সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। বাদি বাধ্য হয়ে ২০০২ সালের ১ ডিসেম্বর ৫০ লাখ, ২০০৩ সালের ১৯ ফেব্র"য়ারি ২৫ লাখ এবং একই বছরের ১১ মার্চ আরো ২৫ লাখ টাকা অভিযুক্তকে চাঁদা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/০১৪৬ ঘ.
bdnews24