২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষণে উৎসাহী নেতাকর্মীরা চুপসে যান প্রজ্ঞাপনে

জাতির উদ্দেশে উপদেষ্টার ভাষণে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণায় সারাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছিল। সোমবার বিভাগীয় শহরগুলোতে দলীয় কার্যালয়ে এসে ভিড় জমান নেতা-কর্মীরা। দীর্ঘদিন পর কার্যালয় খুলে ধোয়ামোছা শেষে সভাও করতে যান অনেকে। কিন্তু পরে সরকারি প্রজ্ঞাপন সূত্রে যখন প্রচার হয়, শুধু ঢাকা মহানগরীতে ঘরোয়া রাজনীতি করা যাবে তখন ভাটা পড়ে তাদের উৎসাহ। পুলিশও অনেক স্থানে কার্যালয়গুলো তালা মেরে দেয়। হতাশ নেতাকর্মীরা কোথাও কোথাও নিজ থেকেই কার্যালয় বন্ধ করে দেয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতির উদ্দেশে উপদেষ্টার ভাষণে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণায় সারাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছিল। সোমবার বিভাগীয় শহরগুলোতে দলীয় কার্যালয়ে এসে ভিড় জমান নেতা-কর্মীরা। দীর্ঘদিন পর কার্যালয় খুলে ধোয়ামোছা শেষে সভাও করতে যান অনেকে। কিন্তু পরে সরকারি প্রজ্ঞাপন সূত্রে যখন প্রচার হয়, শুধু ঢাকা মহানগরীতে ঘরোয়া রাজনীতি করা যাবে তখন ভাটা পড়ে তাদের উৎসাহ। পুলিশও অনেক স্থানে কার্যালয়গুলো তালা মেরে দেয়। হতাশ নেতাকর্মীরা কোথাও কোথাও নিজ থেকেই কার্যালয় বন্ধ করে দেয়। প্রধান উপদেষ্টার ভাষণে সুস্পষ্ট ব্যাখ্যা না থাকায় ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা সারাদেশে উঠেছে বলে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল নেতাকর্মীদের মধ্যে। শুধু ঢাকা মহানগরীতেই ঘরোয়া রাজনীতি চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, বিভাগীয় পর্যায়ে রাজনীতি করার সময় এখনও আসেনি। সরকারের এ ধরনের সিদ্ধান্তের পেছনে তার যুক্তি, ঘরোয়া রাজনীতির সুযোগে সারাদেশে বিশৃঙ্খলা শুরু হলে তা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, উৎসাহ নিয়ে সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ধোয়া মোছার কাজ শুরু করেন নেতা-কর্মীরা। সকাল ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ এসে নগরীর ঘোষ রোডের বিএনপি কার্যালয় বন্ধ করে দেয়। খবর পেয়ে মহানগর বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু কার্যালয়ে আসেন। কিন্তু পুলিশ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় তারা ঢুকতে পারেননি। নজরুল ইসলাম মঞ্জু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, "এটা সরকারের দ্বৈত নীতি। প্রধান উপদেষ্টা একদিকে তার ভাষণে ঘরোয়া রাজনীতি চালুর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে পুলিশ দিয়ে কার্যালয় বন্ধ করে দিচ্ছেন।" বেলা ১২টার দিকে পুলিশের আরেকটি দল নগরীর শামীম স্কোয়ার মার্কেট ভবনে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের বের করে তালা ঝুলিয়ে দেয়। এর আগেই কর্মীরা আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় নেতা এএইচএসকে সাদেকের মৃত্যুতে একটি শোক সভা করে। দলের জেলা সভাপতি হারুনুর রশীদ বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু পরবর্তী ঘোষণায় হতাশ হয়েছি। নেতা-কর্মীরা কোনও বাসায় বসে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই দলীয় কার্যালয়গুলো খুলে দেওয়া উচিত।" রাজশাহী প্রতিনিধি জানান, সেখানে আওয়ামী লীগ কার্যালয় খুলেছিলো। সেখানে সংক্ষিপ্ত সভাও করেন তারা। তবে গেজেটের বক্তব্য শোনার পর তারা কার্যালয় বন্ধ করে দেন। তবে বিএনপি কার্যালয় খোলেনি। চট্টগ্রাম অফিস জানায়, নেতা-কর্মীরা রোববার রাতে উৎসাহী হয়ে উঠলেও সরকারের ঘোষণা জানার পর কার্যালয়গুলো খোলা হয়নি। সিলেট প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নেতারা একটি বাসায় সমবেত হলেও সরকারি ঘোষণা শোনার পর কোনও সভা না করেই ফিরে যান। বগুড়া প্রতিনিধি জানান, সকালে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে এসে জড়ো হন। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয় ধোয়া মোছার কাজও শুরু করেন। কিন্তু পরে সরকারের ঘোষণা শুনে হতাশ হয়ে ফিরে যান। রংপুর প্রতিনিধি জানান, সেখানে আওয়ামী লীগ কার্যালয় ধোয়া মোছার কাজ সকালে শুরু করলেও পরে কার্যালয় বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকালে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে ভিড় জমায়। কিন্তু পুলিশি বাধায় কার্যালয় খোলেননি নেতারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএ/এমএইচবি/১৯১৯ ঘ.