২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো এখন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে

কেন্দ্রীয় কারাগারে নেওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) সার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে কারা উপ-মহাপরিদর্শক মেজর শামছুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''সুচিকিৎসার জন্য কোকোকে এখানে আনা হয়েছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কারাগারে নেওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) সার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে কারা উপ-মহাপরিদর্শক মেজর শামছুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''সুচিকিৎসার জন্য কোকোকে এখানে আনা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে দুপুর দেড়টায় হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুর মাহমুদ দেখার পর বিকেল ৪টা ২০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। কোকোর বুকে ব্যথা রয়েছে।'' এর আগে বৃহস্পতিবার রাতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ''কোকো 'বেশ অসুস্থ' হয়ে পড়েছেন। তাকে কারাগারের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। '' সাতদিনের রিমান্ড শেষের আগেই বৃহস্পতিবার বিকেলে কোকোকে মুখ্য মহানগর আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতেও তাকে বেশ খানিকটা বিমর্ষ দেখা গেছে। কোকোকে মুখ্য হাকিম আদালতে হাজির করার পর আইনজীবীরা তার বুকে ব্যথা ও হৃদরোগ রয়েছে দাবি করেন এবং তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বা ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করানোর অনুরোধ জানান। আদালত তখন এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। সোমবার ভোরে খালেদা ও কোকোকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসি/১৭১৮ ঘ.