ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার। গ্রেপ্তারের ঠিক আগে আগেই দলের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দুটি নির্দেশ জারি করেন তিনি। দলীয় প্যাডে লেখা একটি নির্দেশে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। অপর নির্দেশে খন্দকার দেলওয়ার হোসেনকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।
খন্দকার দেলওয়ার হোসেনকে নিয়োগ দেওয়া চিঠিটি সাধুভাষায় লেখা হলেও আব্দুল মান্নান ভূঁইয়াকে পাঠানো চিঠিটি লেখা হয়েছে চলিত ভাষায়।
চলিত ভাষায় লেখা চিঠিটিতে বেশ কয়েকটি ভুল বানান লক্ষ্যণীয়। চিঠির শুরুতে মান্নান ভূঁইয়াকে 'জাতীতবাবাদী দল' এর মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে। আর তাকে বহিষ্কারের আদেশ 'আবিলম্বে' কার্যকর হবে বলা হয়েছে। বরখাস্ত বানানটিও লেখা হয়েছে 'বরখাস্থ'। মান্নান ভূঁইয়ার বাসা 'শুলশানে' বলে লেখা হয়েছে ওই চিঠিতে। শতাধিক শব্দের এ চিঠির ১১টি বানান ছিল ভুল।
মান্নান ভূঁইয়াকে পাঠানো চিঠিতে তার নামের বানানে 'ভূইয়া' লেখা হলেও খন্দকার দেলওয়ার হোসেনের কাছে লেখা সাধু ভাষার চিঠিতে লেখা হয়েছে 'ভূঁইয়া'। 'আব্দুল' শব্দটিও নেই এ চিঠিতে।
দেলওয়ার হোসেনকে পাঠানো চিঠিতে খালেদা জিয়া লেখেন, দলীয় গঠনতন্ত্রে অর্পিত ক্ষমতা বলে তিনি (খালেদা জিয়া) তাকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন। এ চিঠিটিতে একটি ভুল বানান দেখা গেছে। এখানে স্থলাভিষিক্ত শব্দটি লেখা হয়েছে 'স্থলাভিষিক'।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআই/এমএ/১৭৫৬ ঘ.
bdnews24