২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচিত সরকার চায় নির্বাচন কমিশন

যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় নির্বাচন কমিশন। এজন্য কর্মপরিকল্পনায় (রোডম্যাপ) ঘোষিত সময়ের আগেই ভোটার তালিকার কাজ শেষ করে নির্বাচন অনুষ্ঠান করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় নির্বাচন কমিশন। এজন্য কর্মপরিকল্পনায় (রোডম্যাপ) ঘোষিত সময়ের আগেই ভোটার তালিকার কাজ শেষ করে নির্বাচন অনুষ্ঠান করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, "আমরা যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চাই। এজন্য আগামী বছরের অক্টোবরের আগেই ভোটার তালিকার কাজ শেষ করতে চাই। তা সম্ভব হলে ২০০৮ সালের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করব।" এদিকে ১২ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনায় বসার কথা। এর আগে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আশা করছি, এর মধ্যেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, একটা 'উইন্ডো ওপেন' হবে। তা না হলে আমরা সরকারের সঙ্গে আবারো আলোচনা করব।" প্রধান নির্বাচন কমিশনার জানান, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩০৩ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগ্যতা যাচাই পরীক্ষায় ২১৮ জন কৃতকার্য হয়েছেন। অকৃতকার্য ৮৪ জনকে বাদ দেওয়া হচ্ছে। কৃতকার্যদেরও এক বছর পর্যবেক্ষণে রাখা হবে। রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনসহ ১০টি পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা করার পর কমিশন এক হাজার আটশ ল্যাপটপ নিয়ে আরও তিনটি সিটি করপোরেশন (চট্টগ্রাম, সিলেট ও বরিশাল), ১০টি পৌরসভা ও ২০টি উপজেলায় ভোটার তালিকার কাজ শুরু করবে বলে জানান শামসুল হুদা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এসব এলাকায় নভেম্বরের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে। কাজ যে গতিতে এগুচ্ছে, তা আমরা ধরে রাখতে চাই। ল্যাপটপসহ আরও যন্ত্রপাতি পাওয়া গেলে আমরা আরও দ্রুত অনেক বেশি এলাকায় কাজ করব।" কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/জেকে/১৭১৪ ঘ.