ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও অন্য নেতারা। তবে নিরাপত্তার কারণে অনুমতি না পাওয়ায় চেয়ারপারসন খালেদা জিয়া আসতে পারেননি।
শনিবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার পর মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ''ম্যাডাম ফুল দিতে আসতে পারেননি, এটা দুঃখজনক।''
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির একমাত্র কেন্দ্রীয় কর্মসূচি ছিল জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা। মহাসচিব ও অন্যান্য সিনিয়র নেতাদের পর ২০ জন করে দলীয় নেতা-কর্মী পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়েছেন। জরুরি বিধিমালার কারণে ২০ জনের বেশি নেতা-কর্মীকে একসঙ্গে কবরে ফুল দিতে দেওয়া হয়নি।
কবর প্রাঙ্গণসহ জিয়া উদ্যান ও ক্রিসেন্ট লেক সড়কে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল ব্যাপক।
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ প্রয়াত নেতার কবরে ফুল দেন। সকাল ১১টা ২০ মিনিটে আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে ১৭জন নেতা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, সহ-সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, এম কে আনোয়ার, হারুণ আল রশিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, জেড এ খান, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, অধ্যাপক আব্দুল মান্নান, মহানগর বিএনপির সভাপতি মেয়র সাদেক হোসেন খোকা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর নেতারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এরপর পর্যায়ক্রমে যুব দল, কৃষক দল, মহিলা দল, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, জিসাস, জিনাফ, জিয়া পরিষদ, ঘাট শ্রমিক দল, উলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে।
এই প্রথম সংস্কারপন্থী ও খালেদা জিয়ার সঙ্গের নেতাদের একসঙ্গে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল।
কবর প্রাঙ্গণে বিএনপির সহ-সভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ''বিএনপি জনগনের ব্যাপক সমর্থন নিয়ে আজ বিশাল দলে পরিণত হয়েছে। আমাদের অতীত কর্মের আজ সমালোচনা হচ্ছে। এর মাধ্যমে আমরা আত্মসমালোচনার মাধ্যমে শুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো। বিএনপিকে সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধ থাকতে হবে।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার কবরে ফুল দিতে আসতে পারেননি, এটা দূঃখজনক। কেন আসতে পারেননি, তা আমার জানা নেই।''
সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সারাদেশে বিএনপি স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বলে দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। বন্যা কবলিত জেলা সমূহে দলের এই বিশেষ দিনে বিএনপি ত্রাণ বিতরণ করছে।
মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও সহ-সভাপতি এম কে আনোয়ার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের জনগণের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে সীমিত পরিসরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০টায় মহানগর বিএনপির ২৫/৩০ জন নেতাকর্মী জিয়াউর রহমানের প্রথম সমাধি ক্ষেত্র রাঙ্গুনীয়ায় ফুল দেন। এর পর তারা সেখানে মোনাজাতে অংশ নেন।
ওই সময় বিএনপি ও শ্রমিক দল নেতা এম এম নাজিম উদ্দিন, সাবেক সাংসদ রোজী কবির, বিএমএ যুগ্ম সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসাস নেতা কাজী আকবর, বিজেএমইএ পরিচালক এরশাদ উল্লাহ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এম এম নাজিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি নির্দেশনার কারণে সীমিত আকারে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
বিকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে মিলাদ মাহফিল হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএম/এমআই/এসি/১৪৫৯ ঘ.
bdnews24