ঢাকা,আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের বেঁধে দেওয়া শর্ত মেনে প্রণীত একদিনের এই কর্মসূচির মধ্যে থাকছে, শনিবার ভোরে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।
কর্মসূচি সম্পর্কে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের দেওয়া শর্তে একসঙ্গে ২০ করে নেতাকর্মী জিয়ার কবরে সারিবদ্ধ ও শৃঙ্খলাপূর্ণভাবে পুষ্পমাল্য অপর্ণ করতে পারবেন। এ সময়ে কোনো ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন এবং শ্লোগান ও মিছিল নিয়ে কবরে আসা যাবে না।
বুধবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিএনপির ২৯তম প্রতিষ্ঠার্বাষিকীতে কেবল জিয়ার কবরে ফুল দিতে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ''প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতির কবরে পুষ্পমাল্য অর্পণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো ব্যানার বহন করা যাবে না। এছাড়া আলোচনা সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি।''
গত ২৫ আগস্ট বিএনপির পক্ষ থেকে যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে দুই দিনের কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এমএইচবি/১৯১২ ঘ.
bdnews24